২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাপটিলের দেড়শতে চারশ’ ছাড়িয়ে নিউ জিল্যান্ড

দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে টেস্ট শতকের দেখা পেয়েছেন মার্টিন গাপটিল। শ্রীলঙ্কার বিপক্ষে ডানেডিন টেস্টের প্রথম দিনেই চারশ’ ছাড়িয়ে গেছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 01:19 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

শেষ সেশনে ৬ উইকেট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে লঙ্কানরা; কিন্তু কিউইদের রানের গতিতে বাধ দেওয়া যায়নি। প্রথম দিন শেষে স্বাগতিকদের রান ৮ উইকেটে ৪০৯।

সীমিত ওভারের ক্রিকেটে নিউ জিল্যান্ডের বড় ভরসা গাপটিল টেস্টে সেভাবে নিজের জায়গা পাকা করতে পারছিলেন না। টেস্ট দলে ছিলেন আসা-যাওয়ার মাঝে। সবশেষ শতকটি করেছিলেন সেই ২০১১ সালের নভেম্বরে। ক’দিন আগে অস্ট্রেলিয়া সফরে ৬ ইনিংস করেছিলেন মোটে ৮২ রান।

সীমিত ওভারের ক্রিকেটে ফর্মের কারণেই গাপটিলের উপর আস্থা রেখেছিলেন নির্বাচকেরা। সেটার প্রতিদানও দিলেন ডানহাতি এই ওপেনার। ৪ বছর আর ৪০ ইনিংস পর পেয়েছেন টেস্ট শতকের দেখা।

টম ল্যাথামের (২২) সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন গাপটিল। দ্বিতীয় উইকেটে কেন উইলয়ামসনের সঙ্গে গাপটিলের জুটি ১৭৩ রানের। ক্যারিয়ারের সোনালী সময়ে থাকা উইলিয়ামসন আরেকটি শতকের পথে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু চা বিরতির ঠিক আগে নুয়ান প্রদীপের বাইরের এক বল তাড়া করে ক্যাচ দিয়েছেন স্লিপে (১২৩ বলে ৮৮)।

গাপটিল ইনিংস জুড়ে খেলে গেছেন শট। ১৪৬ বলে ছুঁয়েছেন শতক। ৩৭ টেস্টে এটি তার মাত্র তৃতীয় শতক। সেখানেই না থেমে পরে ছাড়িয়ে গেছেন দেড়শ’। শেষ পর্যন্ত ২১ চারে ১৫৬ রান করে কটবিহাইন্ড হয়েছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউসের বলে।

গাপটিলের আগেই অবশ্য ওয়ানডের গতিতে দারুণ এক ইনিংস খেলে ফিরে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম। ১৩ চার ও ১ ছক্কায় ৫৭ বলে ৭৫ করেছেন কিউই অধিনায়ক। গাপটিলের সঙ্গে ৮৯ রানের জুটিতে তুলেছেন ঝড়।

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ম্যাথিউস। কিন্তু অধিনায়ককে হতাশ করে দিনভর বাজে বোলিং করে গেছে লঙ্কান বোলাররা।

শেষ সেশনে ৬টি উইকেট তুলে নিয়ে ফেরার চেষ্টা করেছে শ্রীলঙ্কা, কিন্তু নিউ জিল্যান্ড আবার ওই সেশনে রানও তুলেছে ১৮০! প্রথম দিনেই তাই লাগাম কিউইদের হাতে।

দুটি করে উইকেট নিয়েছেন প্রদীপ, দুশমন্থ চামিরা ও সুরাঙ্গা লাকমল।