বিপিএলের জন্য জহুরুলের স্কুপ
ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি এবারের বিপিএলে স্কুপ শট খেলেও নজর কেড়েছেন জহুরুল ইসলাম। রংপুর রাইডার্সের ব্যাটসম্যান জানালেন, বিপিএলের জন্যই তিনি শিখেছেন এই বিশেষ শট।
মঙ্গলবার পর্যন্ত ৮ ম্যাচে ১৯৬ রান নিয়ে এবারের বিপিএলে চতুর্থ সর্বোচ্চ রান জহুরুলের। দেড়শ’ রান ছাড়ানো ৯ ব্যাটসম্যানের মধ্যে তার গড়ই সর্বোচ্চ, ৪৯। হারিয়ে যাওয়ার পথ থেকে এই টুর্নামেন্ট দিয়েই ফিরে এসেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আর ব্যাটিংয়ে যোগ করেছেন নতুন কিছু শট।
টুর্নামেন্ট জুড়েই চোখধাঁধানো কিছু স্কুপ শট খেলেছেন জহুরুল। স্বয়ং তিলকরত্নে দিলশানের চেয়ে ‘দিলস্কুপ’ ভালো খেলেছেন রংপুরের এই টপ অর্ডার। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচেও ৬২ রানের ম্যাচ জয়ী ইনিংসটার পথে যথারীতি ছিল স্কুপ শট।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জহুরুল জানালেন, বিপিএলের জন্যই রপ্ত করেছেন এই শট।
“আমি চিন্তা করছিলাম যে টি-টোয়েন্টির জন্য কিছু শট দরকার। আমার কিছু শট ছিল যেগুলো একটু বেশি ঝুঁকির হয়ে যায়। অনেক ম্যাচে তুলে মারতে গিয়ে আগেও আউট হয়েছি বেশ কয়েকবার। বিপিএলের জন্য তাই বিশেষ করে স্কুপটা শিখেছি।”
ক্রিকেট বইয়ের বাইরের শটে আগে খুব একটা আগ্রহ ছিল না জহুরুলের। এখন সময়ের দাবি মেনেই চেষ্টা করছেন নতুন কিছু শট যোগ করার।
“বিপিএলের আগে আমি রাজশাহীতে ৮-১০ দিন অনুশীলন করেছি। তখনই কিছু শট অনুশীলন করেছিলাম। স্কুপসহ আরও দু-একটি শট। অন্যগুলি সেভাবে ভালোভাবে পারিনি অনুশীলনে, সেজন্য ম্যাচে আর খেলিনি। কিন্তু স্কুপটা অনুশীলনে খুব ভালো পেরেছিলাম। ম্যাচেও খুব ভালো হচ্ছে।”
