২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরে আস্থা সাঙ্গাকারার 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি আইকন খেলোয়াড় নাসির হোসেন। তবে তার উপর আস্থা হারাচ্ছেন না ঢাকা ডায়নামাইটস অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 08:14 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

বিপিএলের তৃতীয় আসরে নাসিরের ছয়টি ইনিংস এমন ৫*, ১৫, ২, ৩৩, ৫, ৩২। পাঁচ ম্যাচে বল করে চারটি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। 
 
বিপিএলে এখনও নাসিরের সেরাটা দেখা না গেলেও তার পারফরম্যান্সে খুশি সাঙ্গাকারা।
 

“নাসির ব্যাটে-বলে আমাদের জন্য দারুণ খেলেছে। আমি নিশ্চিত, সে আরও ভালো করবে। তার ম্যাচ শেষ করে আসার সামর্থ্য আছে। তাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। সে বাংলাদেশের সেরা খেলোয়াড়দের একজন। তাকে দলে পেয়ে আমি খুশি।” পরপর দুই ম্যাচে হার নিয়ে কোনো দুর্ভাবনা নেই সাঙ্গাকারার। তিনি মনে করেন, স্থানীয় খেলোয়াড়রা আরেকটু জ্বলে উঠতে পারলে ঢাকাকে হারানো কঠিনই হবে।   “আমাদের দলের ব্যাটিং লাইনটা বেশ ভারসাম্যপূর্ণ। স্থানীয় খেলোয়াড়রাও ভালো খেলছে। তাদের আরও জ্বলে উঠতে হবে। আমার পুরোপুরি বিশ্বাস আছে যে, তারা সেটা পারবে।” “আমার দলের স্থানীয় খেলোয়াড়রা বাংলাদেশের সেরাদের মধ্যে আছে। তাদেরকে সুযোগ দিতে হবে”, যোগ করেন সাঙ্গাকারা।