২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুস্তাফিজের এটা শতভাগ প্রাপ্য ছিল'

তামিম ইকবালের মতে, আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া শতভাগ প্রাপ্য ছিল মুস্তাফিজুর রহমানের। পরের বছর সেরা একাদশে নিজ দেশের আরও বেশি ক্রিকেটারকে দেখতে চান বাংলাদেশের টেস্ট সহ-অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 03:35 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বুধবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সুপার স্টার্সকে ১০ উইকেটে উড়িয়ে দেয় তামিমের চিটাগং ভাইকিংস। অধিনায়ক নিজে অপরাজিত ছিলেন ৬৭ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওই ম্যাচ আর বিপিএল ছাড়াও উঠল মুস্তাফিজের প্রসঙ্গ। স্বতঃস্ফূর্ত, উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানালেন বাঁহাতি ওপেনার।

“গ্রেট…গ্রেট…গ্রেট অ্যাচিভমেন্ট। অসাধারণ অর্জন। আমি সত্যিই খুব খুশি। সত্যি বলছি, আমি নিজে সেরা একাদশে থাকলেও হয়ত এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।”

তামিমের মতে, সেরা একাদশে জায়গা পাওয়াটা পুরোপুরি প্রাপ্য ছিল মুস্তাফিজের।

“মুস্তাফিজের এটা শতভাগ প্রাপ্য ছিল। ৯৯.৯৯ ভাগও না, একদম শতভাগ প্রাপ্য ছিল। বর্ষসেরা একাদশে বাংলাদেশের একজনকে দেখেছি, অবিশ্বাস্য এক অনুভূতি এটি। আশা করি, পরের বছর আরও গোটা দুয়েক নাম বেশি থাকবে আমাদের।”