২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজের সঙ্গে খেলতে পেরে গর্বিত মুশফিক

মুস্তাফিজুর রহমানের সঙ্গে খেলতে পারাকে নিজের জন্য বড় পাওয়া বলছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়কের আশা, নিজের এই পারফরম্যান্স ধরে রাখবেন তরুণ বাঁহাতি পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 03:15 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বুধবার চট্টগ্রামে বিপিএলে দিনের প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, মুস্তাফিজের অর্জন গোটা দেশের জন্যই গর্বের ব্যাপার।

দিনের দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে কণ্ঠ মেলালেন টেস্ট অধিনায়ক।

“বাংলাদেশের জন্য বড় একটা গৌরবের ব্যাপার। আইসিসির বর্ষসেরা একাদশে থাকা সত্যিই অনেক গর্ব করার মত ব্যাপার। আমি খুবই ‘প্রিভিলেজড’ ওর মত ক্রিকেটারের সঙ্গে খেলতে পেরে।”

মুশফিকের বিশ্বাস, নিজেকে ধরে রাখতে পারলে আরও উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে মুস্তাফিজের সামনে।

“দোয়া করব যেন মুস্তাফিজ চোটমুক্ত থাকে এবং যেভাবে বোলিং করছে, সেভাবেই করে যাবে। ও অনেক স্মার্ট বোলার। কিভাবে কি করতে হয়, পরিকল্পনা থেকে শুরু করে সব কিছু নিজেই করতে পারে। যেভাবে চলছে, এটা ধরে রাখতে পারলেই অনেক ভালো ক্যারিয়ার হবে ওর।”