আফ্রিদির অর্ধশতক ৩ বছর পর!
চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানি এই অলরাউন্ডার অর্ধশতক পেলেন তিন বছর পর।
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে করাচি ডলফিন্সের হয়ে পেশোয়ার প্যান্থার্সের বিপক্ষে ৩৮ বলে ৫০। বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪১ বলে ৬২। শহীদ আফ্রিদির দুটি ইনিংস। প্রথম ম্যাচটি ছিল ২০১২ সালের ১ ডিসেম্বর, পরেরটি ২ ডিসেম্বর, ২০১৫।
মাঝের সময়টায় ৬৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। কিন্তু অর্ধশতক ছুঁতে পারেননি একবারও। প্রায় ২০ বছর আগে ক্যারিয়ারের শুরু থেকেই আফ্রিদির ব্যাটিংয়ের প্রতিশব্দ হয়ে আছে অধারাবাহিকতা, অনিশ্চয়তা। কিন্তু গত ৩ বছরে তিনি এই জায়গাটায় ‘ধারাবাহিক’। মানে ধারাবাহিকভাবেই ব্যর্থ। অর্ধশতক নেই একটিও!
এই সময়টায় আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি খেলেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন দুই মৌসুমে, খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ম্যাচ, পরিস্থিতি, প্রতিপক্ষ, ভেন্যু, দেশ বদলেছে। কিন্তু আফ্রিদি পাননি পঞ্চাশের ছোঁয়া।
অবশেষে সেই খরা কাটল বুধবার। পরিস্থিতি যদিও অনুকূলে ছিল না। ২২ রানেই ৪ উইকেট হারিয়েছিল সিলেট। কিন্তু পরিস্থিতির তোয়াক্কা তিনি কবেই বা করলেন! যেভাবে খেলে ম্যাচের পর ম্যাচ আর বছরের পর বছর ব্যর্থ হয়ে আসছেন, ব্যাট হাতে যৎকিঞ্চিত সাফল্য পেয়েছেন সেভাবে খেলেই। বুধবারের ম্যাচটি লেখা হয়ে গেছে সেই ‘যৎকিঞ্চিত’ সাফল্যের খাতায়। ১৮৬ টি-টোয়েন্টিতে মাত্র অষ্টম অর্ধশতক!
বিপিএলে অবশ্য সাফল্য-ব্যর্থতা বিচার করার মত যথেষ্ট খেলেননি আফ্রিদি। তিন আসরে আফ্রিদির এটি ছিল তিন নম্বর ম্যাচ। প্রথম বিপিএলে দুটি ম্যাচ খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। খুলনা রয়্যাল বেঙ্গলসের বিপক্ষে ছিল ৩ ছক্কায় ১১ বলে অপরাজিত ২৭ আর ৩৫ রানে ১ উইকেট। বরিশাল বার্নাসের বিপক্ষে ব্যাটিং পাননি, বল হাতে ২৩ রানে ৩ উইকেট।
এবার শুরুটা তো দারুণই হলো। শেষটা এখন দেখার অপেক্ষা!
