২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলিংসের বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও শুভসূচনা করেছে ইংল্যান্ড। স্যাম বিলিংসের মারমুখী ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুণ্যে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৪ রানে হারিয়েছে ওয়েন মর্গ্যানের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

স্পোর্টস ডেস্ক, bdnews24.com

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2015, 01:57 AM

Updated : 25 Apr 2022, 02:12 PM

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ইংল্যান্ডের ৫ উইকেটে করা ১৬০ রানের জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৪৬ রান করে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভালো ছিল না। ১৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে চতুর্থ উইকেটে জেমস ভিন্স ও মর্গ্যানের ৭৬ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে ইংলিশরা।

ওয়াহাব রিয়াজের করা ১৪তম ওভারের শেষ বলে বোল্ড হওয়ার আগে ৪১ রান করেন অভিষিক্ত ভিন্স। তার ৩৬ বলের ইনিংসটি ৬টি চার ও ১টি ছক্কায় সাজানো।

ভিন্স-মর্গ্যানের জুটিতে শুরুর ধাক্কা কাটলেও ওভার প্রতি রান ভালো ছিল না। ছয় নম্বরে নামা বিলিংস শুরুতে একটু দেখে খেললেও ষষ্ঠদশ ওভারের তৃতীয় বলে চার মেরে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন।

অধিনায়কের সঙ্গে বিলিংসের জুটিতে ৩৬ বলে ৬৫ রান তোলে ইংল্যান্ড। এই জুটি ওভারপ্রতি প্রায় ১১ করে তোলে। জুটিতে মর্গ্যানের অবদান মাত্র ১২।

শেষ বলে রানআউট হওয়ার আগে ২৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিলিংস। মর্গ্যান ৪৫ রান করে অপরাজিত থাকেন। তার ৩৮ বলের ইনিংসটি ৩টি চার ও একটি ছক্কায় সাজানো।

পাকিস্তানের পেসার সোহেল তানভির ৩১ রানে ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৪২ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া দলটি আর কক্ষপথে ফিরতে পারেনি।

শেষ দিকে আনোয়ার আলি (১৪ বলে ২০), সোহেল তানভির (অপরাজিত ২৫) ও ওয়াহাব রিয়াজের (১৩ বলে ২১) ব্যাটে জয়ের কিঞ্চিৎ সম্ভাবনা জাগলেও পারেনি তারা।

দলটির দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান সোহেব মাকসুদের।

রিস টপলি ও লিয়াম প্লাঙ্কেট ৩টি করে উইকেট নেন।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড।