মাঠে স্ট্রোকের পর নামিবিয়ার ক্রিকেটারের মৃত্যু
নামিবিয়ার হয়ে একটি ম্যাচ খেলার সময় স্ট্রোক করেছিলেন রেইমন্ড ফন শুর। পাঁচ দিন পর দেশটির রাজধানী উইন্ডহোয়েকের একটি হাসপাতালে মারা গেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
সিএসএ প্রভিন্সিয়াল ওয়ানডে চ্যালেঞ্জে ফ্রি স্টেটের বিপক্ষে নামিবিয়ার ৫ উইকেটে জেতা ম্যাচটিতে গত রোববার ব্যাট করার সময় স্ট্রোক করেন ফন শুর। সে সময় ১৫ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি।
স্ট্রোক করার পর অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফন শুরকে। তবে আর জ্ঞান ফিরে পাননি নামিবিয়ার হয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে ক্যারিয়ারে ৮ হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যান।
