২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিড নেওয়ার পর বাংলাদেশের বোলিং ব্যর্থতা

তাসামুল হকের শতকে প্রথম ইনিংসে লিড নেওয়ার পরও দ্বিতীয় চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় দিন দুই সেশন বল করেও জিম্বাবুয়ে ‘এ’ দলের একটির বেশি উইকেট নিতে পারেনি তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 11:13 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ২২৩ রান। ব্র্যায়ান চ্যারি ১২১ ও পিটার মুর ৯৩ রানে ব্যাট করছেন। তাদের দৃঢ়তায় স্বাগতিকরা এগিয়ে আছে ১২৪ রানে।

শতক পাওয়া চ্যারির ২১০ বলের ইনিংসটি সাজানো ১০টি চারে। দ্বিতীয় ওভারেই হ্যামিল্টন মাসাকাদজা ফিরে যাওয়ার পর অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে মুরের সঙ্গে ২১৫ রানের জুটি গড়েছেন তিনি।

স্বাগতিকদের একমাত্র উইকেটটি নিয়েছেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।

এর আগে ৪ উইকেটে ২৭৪ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ৯৬ রান নিয়ে দিন শুরু করা তাসামুল শতকে পৌঁছতে বেশি সময় নেননি। কিন্তু তিন অঙ্ক স্পর্শ করার পর নিজের ইনিংস আর বড়ও করতে পারেননি তিনি।

২২২ বলে খেলা তাসামুলের ১০২ রানের ইনিংসটি গড়া ১০টি চারে। এই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর অতিথিরা বড় সংগ্রহ গড়ে মোসাদ্দেক হোসেন ও নুরুল হাসানের ব্যাটে।

ষষ্ঠ উইকেটে ৬০ রানের জুটিতে দলকে লিড এনে দেন মোসাদ্দেক-হাসান। ৯৩ বলে ৯টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৮৫ রান করে মোসাদ্দেক ফিরে যাওয়ার পর প্রায় একাই খেলতে হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হাসানকে।

হাসানের অর্ধশতকে এক সময়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৯০ রান। এরপর ১৪ রানে শেষ চার উইকেট হারানোয় সংগ্রহ আরও বড় হয়নি অতিথিদের। রান আউট হওয়া হাসানের (৫২) ৫৪ বলের ইনিংসটি গড়া ৬টি চার ও একটি ছক্কায়।

প্রথম ইনিংসে ৪০২ রানে অলআউট হওয়া বাংলাদেশ পায় ৯৯ রানের লিড। এর আগে প্রথম ইনিংসে ৩০৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।   

জিম্বাবুয়ের ডোনাল্ড টিরিপানো ও নাটসাই মুশাঙ্গে তিনটি করে উইকেট নেন।