আক্ষেপের মাঝেও ‘ভালো’ দেখছেন সৌম্য
জিম্বাবুয়ে সিরিজে চোট নিয়ে মাঠের বাইরে থাকতে হওয়ায় খানিকটা আক্ষেপ আছে সৌম্য সরকারের। তবে এর মাঝেও ঠিকই ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন তরুণ এই ব্যাটসম্যান।
গত বছর জিম্বাবুয়ে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সৌম্য সরকারের। দ্রুতই হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেটের নতুন সেনসেশন। বিশ্বকাপে দারুণ কিছু সম্ভাবনাময় ইনিংস খেললেও বড় ইনিংস খেলতে পারেননি। তবে বিশ্বকাপের পর পুষিয়ে দিয়েছেন সেটাও।
পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেছেন। ভারতের বিপক্ষে করেছেন ঝড়ো অর্ধশতক। নিজের সবশেষ দুই ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন অপরাজিত ৮৮ ও ৯০। ১৬ ওয়ানডেতে তার গড় এখন ৪৯.৪২, স্ট্রাইক রেট ১০২.৫১।
কিন্তু বছর ঘুরে আবার যখন বাংলাদেশে এলো জিম্বাবুয়ে, ‘তারকা’ সৌম্য নেই দলে। সিরিজের আগে পাঁজরে চোট নিয়ে ছিটকে যান মাঠের বাইরে। খেলতে পারেননি সিরিজের একটি ম্যাচও।
সোমবার মিরপুর একাডেমি মাঠে বিপিএল দল রংপুর রাইডার্সের অনুশীলনে সতীর্থদের সঙ্গে দেখা করতে এসেছিলেন সৌম্য। সাংবাদিকদের জানালেন, মেনে নিয়েছেন নিজের দুর্ভাগ্য।
নিজের এই দুর্ভাগ্যের মাঝেও ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন সৌম্য। পেয়েছেন ভবিষ্যতের জন্য শিক্ষা!
“হয়ত এটা ভালো হয়েছে আমার জন্য। এবারের পর আরও সচেতন হব। চেষ্টা করব যেন ভবিষ্যতে এরকম চোট না হয়।”
টি-টোয়েন্টি দুটি মাঠে বসেই দেখেছেন সৌম্য। ওয়ানডের সময় চোখ রেখেছিলেন টিভিতে। দেখেছেন, তার জায়গায় ওয়ানডে দলে ফিরে আবার দারুণ পারফর্ম করেছেন ইমরুল কায়েস।
সিনিয়র ক্রিকেটারের রানে ফেরা ভালো লেগেছে সৌম্যরও। জায়গার জন্য এই লড়াই দলের জন্য ভালো হবে বলেই বিশ্বাস তার।
“এই প্রতিযোগিতা অবশ্যই ভালো। আরও ভালো করার তাগিদ থাকবে সবার। আর দলের জন্য বেশি ভালো। যে-ই দলে আসছে, ভালো করছে। এটাই সবচেয়ে বড় কথা।”
