২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডময় ইনিংসেও টেইলরের ১০ রানের আক্ষেপ!

পার্থ টেস্টের চতুর্থ দিনে ২৯০ রানে আউট হয়েছেন রস টেইলর। ‘নার্ভাস ২৯০’-এ থমকে যাওয়া টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 12:00 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

টানা প্রায় দেড় দিন ব্যাটিং করেছেন টেইলর। গড়েছেন রেকর্ডের পর রেকর্ড, ছুঁয়েছেন অনেক মাইলফলক। ভেঙেছেন শতাব্দী প্রাচীন এক রেকর্ডও। ক্যারিয়ারের স্মরণীয়তম ইনিংস অবশ্যই। তার পরও হয়ত শুধু তৃপ্তি নয়, এই ইনিংসের কথা মনে পড়ল আজীবন তার বুকের কোণে জেগে উঠবে খানিকটা আক্ষেপও। ক্যারিয়ার সেরা ইনিংসটি জাগিয়ে তুলবে তীরে এসে তরী ডোবার অনুভূতিও। একজন ব্যাটসম্যানের বহু আরাধ্য ট্রিপল সেঞ্চুরি যে ছিল মাত্র ১০ রান দূরে!

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের চতুর্থ দিন লাঞ্চের আগে আগে ২৯০ রানে আউট হয়েছেন নিউ জিল্যান্ডের টেইলর। ২৩৫ রানে দিন শুরু করেছিলেন তিনি। নিউ জিল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ৫১০। টেইলরের ব্যাটে যথারীতি ছিল নির্ভরতা; তবে আরেক পাশে উইকেট পড়ছিল নিয়মিত। সকালেই আউট হলেন আগের দিনের অপরাজিত মার্ক ক্রেইগ, ফিরে গেলেন ম্যাট হেনরিও। টিম সাউদি কিছুক্ষণ সঙ্গ দিয়েছেন টেলরকে। কিন্তু ২১ রান করে মিচেল স্টার্ককে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন সাউদিও।

শেষ ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট যখন উইকেটে গেলেন, টেইলরের রান ২৭৭। বোল্ট কিন্তু ভালোই নির্ভরতা যোগাচ্ছিলেন। শেষ জুটিতে ৩৭ রান উঠে গিয়েছিল; বোল্ট নিজে করলেন ২৩। কিন্তু আরেক প্রান্তে শেষ ব্যাটসম্যানকে দেখে হয়ত খুব একটা ভরসা পাচ্ছিলেন না টেইলর। নাথান লায়নকে স্লগ সুইপে উড়িয়ে মারতে গিয়ে তাই ক্যাচ দিলেন মিড উইকেটে। দারুণ এক স্লাইডিং ক্যাচ নিলেন অতিরিক্ত ফিল্ডার জোনাথন ওয়েলস।

৪৩ চারে ৩৭৪ বলে ২৯০। টেইলরের ‘মেন্টর’, সাবেক নিউ জিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো একবার আউট হয়েছিলেন ২৯৯ রানে। টেইলরও এবার কাটা পড়লেন নার্ভাস ২৯০-এ। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের ৩০২ রানই হয়ে থাকল নিউ জিল্যান্ডের একমাত্র ট্রিপল সেঞ্চুরি।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৯ উইকেটে ৫৫৯ রানের জবাবে নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ৬২৪। বলার অপেক্ষা রাখে না, অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা তাদের সর্বোচ্চ রান।

ট্রিপল সেঞ্চুরি না পেলেও একগাদা রেকর্ডে নিজের নাম লিখিয়েছন টেইলর:

* টেস্ট ক্রিকেট ২৯০ রানের ইনিংস দেখল এই প্রথম!

* দেশের বাইরে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটি। আগের সর্বোচ্চ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে স্টিভেন ফ্লেমিংয়ের অপরাজিত ২৭৪।

* অস্ট্রেলিয়ার মাটিতে কোনো সফরকারী ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটিই। টেইলর ভেঙেছেন ১১২ বছর পুরোনো রেকর্ড। ১৯০৩ সালে সিডনিতে অভিষেক টেস্টেই ইংল্যান্ডের টিপ ফস্টার করেছিলেন ২৮৭!

* ২৯০ রানের ইনিংসে ৪৩টি চার মেরেছেন টেইলর, নিউ জিল্যান্ডের হয়ে এটিই রেকর্ড। আগের রেকর্ড ছিল ব্রায়ান ইয়াংয়ের, ১৯৯৭ সালে ডানেডিনে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৭ রানের ইনিংসে ৩৭ চার মেরেছিলেন ইয়াং।

* অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১৯৩৮ অ্যাশেজে ওভালে ইংল্যান্ডের লেট হাটনের ৩৬৪ রানের ইনিংসটিই কেবল এগিয়ে আছে টেইলরের চেয়ে।

* পার্থে কোনো সফরকারী ব্যাটসম্যানের এটি প্রথম দ্বিশতক। আগের সেরা ১৯৬ ছিল হাশিম আমলার, ২০১২ সালে।

টেস্টে ‘নার্ভাস ২৯০’ :

ব্যাটসম্যান

রান

প্রতিপক্ষ

ভেন্যু

সাল

ডন ব্র্যাডম্যান

২৯৯*

দক্ষিণ আফ্রিকা

অ্যাডিলেড

১৯৩২

মার্টিন ক্রো

২৯৯

শ্রীলঙ্কা

ওয়েলিংটন

১৯৯১

অ্যালিস্টার কুক

২৯৪

ভারত

এজবাস্টন

২০১১

বিরেন্দর শেবাগ

২৯৩

শ্রীলঙ্কা

মুম্বাই

২০০৯

ভিভ রিচার্ডস

২৯১

ইংল্যান্ড

ওভাল

১৯৭৬

রামনরেশ সারওয়ান

২৯১

ইংল্যান্ড

ব্রিজটাউন

২০০৮

রস টেইলর

২৯০

অস্ট্রেলিয়া

পার্থ

২০১৫