২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের তরুণদের স্পিনে ঘায়েল জিম্বাবুয়ে

প্রথম ৩ ম্যাচ জিতে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন বাংলাদেশের তরুণরা। শনিবার তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয় ৭ উইকেটে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 03:54 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দুই ম্যাচের মতো এদিনও বাংলাদেশের তরুণদের স্পিনের জবাব জানা ছিল না জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ৪০.৫ ওভারেই গুটিয়ে যায় মাত্র ৮৪ রানে!

বাংলাদেশের পেসার আব্দুল হালিম নিয়েছেন ১ উইকেট। বাকি সবকটি ভাগাভাগি করেছেন স্পিনাররা। ১৮ রানে ৪ উইকেট নিয়ে সফলতম আরিফুল ইসলাম। এই সিরিজেই যুব ওয়ানডেতে অভিষিক্ত বাঁহাতি স্পিনার আগের দুই ম্যাচে নিয়েছিলেন ৩ ও ২ উইকেট।

চোট কাটিয়ে ফেরা অফ স্পিনার সঞ্জিত সাহা নিয়েছেন দুটি উইকেট। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, সাইদ সরকার ও সালেহ আহমেদ নিয়েছেন একটি করে।

বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায় ১৫.৫ ওভারেই, ৩ উইকেট হারিয়ে। আগের ম্যাচে শতরান করা সাইফ হাসান এদিন রান আউট ১৭ রানে। ১২ রানে ফিরেছেন আরেক ওপেনার পিনাক ঘোষ, জাকির হাসান করেছেন ২৭। ২১ রানে অপরাজিত থাকেন সহ-অধিনায়ক নাজমুল হাসান।

সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে জিতেছিল ৫৮ রানে। চতুর্থ ও শেষ যুব ওয়ানডে সোমবার।