শহীদের তোপে জিম্বাবুয়েতে বাংলাদেশের নাটকীয় জয়
জিম্বাবুয়ে সফরে প্রথম চার দিনের ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মোহাম্মদ শহীদ ও সাকলাইন সজীবের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলকে শেষ দিন ১৪ রানে হারিয়েছে অতিথিরা।
এই জয়ে দুই ম্যাচের ‘আনঅফিশিয়াল’ টেস্ট সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী রোববার হারারেতে শুরু হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।
বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৩ উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে। জয়ের জন্য শেষ দিন আরও ১২৩ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের।
আগের দিন শেষ বেলায় তিন উইকেট তুলে নেওয়া শহীদই চতুর্থ দিন সকালে জিম্বাবুয়ের বিপদ বাড়ান। ভুসি সিবান্দাকে অধিনায়ক শুভাগত হোম চৌধুরীর ক্যাচে পরিণত করার পর নাইটওয়াচম্যান ডোনাল্ড টিরিপানোকে বোল্ড করেন পেসার শহীদ।
এরপরই আঘাত হানেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব। অধিনায়ক গডউইল মামহিয়ো, জয়লর্ড গাম্বি, ট্রেভর গারউইকে আউট করে দলকে জয়ের পথে নিয়ে আসেন তিনি। এর মধ্যে একই ওভারে ফিরে যাওয়া মামহিয়ো ও গাম্বি কোনো রান করতে পারেননি।
৫৯ রানে আট উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া জিম্বাবুয়ে প্রতিরোধ গড়ে রায়ান বার্ল ও নাটসাই মুশাঙ্গের ব্যাটে। ৩৬ রানের জুটিতে দলকে একশ’ রানের কাছাকাছি নিয়ে যান এই দুই জনে।
প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম মুশাঙ্গেকে (২৭) ফিরিয়ে ভাঙেন জিম্বাবুয়ের প্রতিরোধ। কিন্তু এগারো নম্বর ব্যাটসম্যান ভিক্টর নিয়াউচির সঙ্গে ৩৪ রানের জুটিতে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছিলেন বার্ল। কিন্তু ফিরতি ক্যাচ নিয়ে নিয়াউচিকে ফিরিয়ে অতিথিদের দারুণ এক জয় এনে দেন অধিনায়ক শুভাগত। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।
৪৫ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার শহীদ। সাকলাইন ৩ উইকেট নেন ৩০ রানে।
