২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চেয়ে দায়িত্বে ফিরলেন সিমন্স

ওয়েস্ট ইন্ডিজের কোচের পদে ফিরেছেন ফিল সিমন্স।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 01:26 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

দল নির্বাচন নিয়ে সমালোচনা করার জন্য সিমন্সকে সাময়িক বরখাস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। এ নিয়ে ক্ষমা চাওয়ার পর তাকে স্বপদে ফেরানো হয়েছে।

অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে যাবেন সিমন্স। 

অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো ও কাইরন পোলার্ডকে ধারাবাহিকভাবে দলের বাইরে রাখায় একটু বিরক্তই হয়েছিলেন সিমন্স। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় গত সেপ্টেম্বরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

শ্রীলঙ্কা সফরে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্বে ছিলেন এলডিন ব্যাপটিস্ট। তার অধীনে এ পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারে তারা। তিনটি ওয়ানডের সবকটিই হারার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হারে ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে তারা। এই ম্যাচ দিয়েই শ্রীলঙ্কা সফর শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের।

অস্ট্রেলিয়া সফরে হোবার্টে ১০ ডিসেম্বর প্রথম টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তিন টেস্টের সিরিজে বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে মেলবোর্ন ও সিডনিতে।