ওয়ানডে ছাড়ছেন ইউনুস
ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইউনুস খান। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেই হতে যাচ্ছে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের এই ব্যাটসম্যানের শেষ ম্যাচ।
আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলছে পাকিস্তান।
বিদায়ী ম্যাচের আগে ১৫ বছরের ক্যারিয়ারে ২৬৪টি ওয়ানডে খেলে মোট সাত হাজার ২৪০ রান করেন ইউনুস। ওয়ানডে ইতিহাসে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
ওয়ানডেতে মোট সাতটি শতক করা ইউনুসের ব্যাটিং গড় ৩১.৩৪। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ শতক করা ডান হাতি এই ব্যাটসম্যানের ওয়ানডেতে গত চার বছরের পারফরম্যান্স হতাশাজনক। এই সময়ে গত বছরই সর্বোচ্চ গড়ে (২৭.১৬) রান তোলেন তিনি। এ বছর তা আরও খারাপ; ছয় ম্যাচে ১২.৬০ গড়ে রান তুলেছেন ইউনুস।
ওয়ানডেতে সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ হলেও খুশি মনেই বিদায় নিচ্ছেন ইউনুস।
“পরিবার, স্ত্রী ও কাছের বন্ধুদের সঙ্গে আলোচনা করে আজ আমি ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আর এটা ঘোষণা করতে পেরে আমি খুশি।”
নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারায় সন্তুষ্ট ইউনুস। এজন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
২০০৯ সালে অধিনায়ক হিসেবে পাকিস্তানকে প্রথম ও একমাত্র আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শিরোপা জেতানোর পর টি-ক্রিকেট থেকে অবসর নেন ইউনুস।
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে থেকেও বিদায় নেওয়ায় এখন শুধু টেস্টেই দেখা যাবে ইউনুসকে। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে অবশ্য দারুণ ফর্মে আছেন তিনি। এই মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়ে টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েন ইউনুস। সিরিজটি ২-০ ব্যবধানে জেতে পাকিস্তান।
