জয়ে শেষটা রাঙানোর অপেক্ষা
হোয়াইটওয়াশের সুযোগের সঙ্গে আইসিসি র্যাঙ্কিংয়ে একটি পয়েন্ট প্রাপ্তি; এরই মধ্যে সিরিজ জিতে নেওয়া বাংলাদেশের শেষ ও তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে আবারও হারানোর জন্য প্রেরণার কমতি নেই। তবে দারুন কাটানো একটি বছরের শেষ ওয়ানডে ম্যাচ জয়ের তৃপ্তি পাওয়ার জন্যই বেশি মুখিয়ে থাকবে মাশরাফি বিন মুর্তজার দল।
চলতি বছর এ পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ১২টিতেই জিতেছে বাংলাদেশ। সাফল্যের দিক থেকে মাশরাফির দলের চেয়ে এগিয়ে আছে কেবল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ বছর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। আর গত সোমবার দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জয়ের উচ্ছ্বাসে মাতে স্বাগতিকরা। বাংলাদেশের এই সাফল্য যাত্রার শুরু হয়েছিল বিশ্বকাপের আগে গত বছর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা একটায় শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই বাংলাদেশের একটি সাফল্যচক্র শেষের সুযোগ।
সিরিজ নিশ্চিত হয়ে গেলেও শেষ ওয়ানডেতে পরীক্ষা-নিরীক্ষার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের। তাই এনামুল হক, জুবায়ের হোসেন ও কামরুল ইসলাম রাব্বিকে একাদশের বাইরেই থাকতে হতে পারে।
দায়িত্বশীল ব্যাটিং করছেন মুশফিকুর রহিম, সাব্বির রহমান। ছন্দে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। তামিম ইকবাল ও নাসির হোসেনের ব্যাটিংয়ে রয়েছে আত্মবিশ্বাস। এই সিরিজের আগ পর্যন্ত দারুণ একটি বছর কাটানো মাহমুদউল্লাহ শেষটায় আবার রানে ফিরতে চাইবেন।
মাহমুদউল্লাহ-লিটন জ্বলে উঠতে না পারলেও মন্থর উইকেটে দুই ম্যাচেই লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ। এই দুই ব্যাটসম্যান রানে ফিরলে স্বাগতিকদের জন্য কাজটা আরও সহজ হয়ে যাবে।
রুবেল হোসেন-তাসকিন আহেমেদের অনুপস্থিতিতে দলে ফেরা আল আমিন হোসেন পুরোনো রূপে ফিরছেন। তিনি ছন্দে ফেরায় মাশরাফি-মুস্তাফিজুর রহমানের ওপর থেকে চাপ অনেকটাই সরে গেছে।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে স্পিন বিভাগে অনেক বেশি দায়িত্ব নিতে হচ্ছে বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে। পঞ্চম বোলার হিসেবে অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছেন অফ স্পিন অলরাউন্ডার নাসির।
এ ছাড়া প্রয়োজনে মাহমুদউল্লাহর অফ স্পিন ও সাব্বিরের লেগ স্পিনও কাজে লাগাতে পারেন মাশরাফি। বৈচিত্র্যময় বোলিং আক্রমণ থাকায় জয় দিয়ে শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক। তিনি জানিয়েছেন, শেষ ম্যাচেও তাদের নিবেদন একই রকম থাকবে, জয় দিয়েই শেষ করতে চান তারা।
সাকিব ছিলেন বলে প্রথম ওয়ানডেতে বোলিংয়ে নিয়ে মোটেও ভাবতে হয়নি মাশরাফিকে। কিন্তু বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার না থাকায় দ্বিতীয় ম্যাচে বেশ ভেবে-চিন্তে বোলারদের ব্যবহার করতে হয়েছে তাকে।
মাহমুদউল্লাহ-সাব্বিরকে দিয়ে কিছু ওভার করাতে হলে স্কোর বোর্ডে ভালো একটি সংগ্রহ দেখতে চান অধিনায়ক। নয়তো নাসিরসহ পাঁচ বোলারের ওপরই আবার নির্ভর করতে হবে তাকে।
অন্য দিকে প্রতিপক্ষ শিবিরে চলছে ব্যর্থতার ব্যবচ্ছেদ। প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিংয়ের পর সিরিজে ব্যর্থ ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস। ভালো করতে পারছেন না চামু চিবাবা ও ম্যালকম ওয়ালারও। রেগিস চাকাভাও অনুজ্জ্বল। যা একটু লড়েছেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা ও সিকান্দার রাজাই। দলে বিকল্প কোনো ব্যাটসম্যান নেই বলে সান্ত্বনার জয়ের জন্য এদের ওপরই নির্ভর করতে হবে অতিথিদের।
তৃতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের সময় নিয়ে ব্যাটিং করার তাগিদ দিয়েছেন চিগুম্বুরা। তার বিশ্বাস, উইকেটে থেকে নিজের স্বাভাবিক খেলাটা খেললে বাংলাদেশকে চাপে ফেলা সম্ভব হবে।
টিনাশে পানিয়াঙ্গারার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের পেস আক্রমণ ভালো করছে। লুক জংউই ও টাউরাই মুজারাবানি স্বাগতিক ব্যাটসম্যানদের সহজে রান দিচ্ছেন না।
লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার দুই ম্যাচে পরীক্ষায় ফেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। উইলিয়ামস ও রাজার কাছ থেকে ভালো সহায়তাও পাচ্ছেন তিনি। সবাই একসঙ্গে জ্বলে না উঠলে সান্ত্বনার জয়টি পাওয়া মুশকিলই হয়ে যাবে চিগুম্বুরার দলের।
