২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইজুল-জায়েদের বোলিং ছাপিয়ে মুরের শতক

জিম্বাবুয়েতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও আবু জায়েদ। তবে পিটার মুরের শতকে লিড নিয়েছে জিম্বাবুয়ে ‘এ’।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 09:37 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুদলের প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩২৪ রান করেছে জিম্বাবুয়ে ‘এ’। ৪ উইকেট হাতে নিয়েই স্বাগতিকদের লিড ৫৬ রানের।

১ উইকেটে শূন্য রান নিয়ে দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। দিনের শুরুতে ডোনাল্ড টিরিপানোকে (৭) হারায় তারা। কিন্তু তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন জাতীয় দল থেকে বাদ পড়া দুই ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও পিটার মুর।

অভিজ্ঞ মাসাকাদজাকে ৬৮ রানে ফেরান তাইজুল। জাতীয় দলের বাইরে থাকা আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ভুসি সিবান্দাও তাইজুলের শিকার। দুটি করে চার ও ছক্কায় ২১ রান করে সিবান্দা বোল্ড হয়েছেন দারুণ এক বলে।

আরেকদিকে মুর ছিলেন দারুণ সপ্রভিত। ১১ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছেন ১৫১ বলে। তিন বল পরই অবশ্যই বোল্ড হয়ে গেছেন আবু জায়েদের বলে (১০৪)।

মুরের বিদায়েও দিশা হারায়নি জিম্বাবুয়ের ইনিংস। ষষ্ঠ উইকেটে অধিনায়ক গডউইল মামহিয়ো (২৮) ও রায়ান বার্ল গড়েন ৭৯ রানের জুটি।

দলের লিড আরও বাড়ানোর পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটের নিজের প্রথম শতকের আশায় তৃতীয় দিন সকালে মাঠে নামবেন রায়ান বার্ল। ৭৮ রানে দিন শেষ করেছেন তরুণ এই ব্যাটসম্যান।

৭৩ রানে ৩ উইকেট নিয়েছেন তাইজুল, ৭৫ রানে ৩টি পেয়েছেন আবু জায়েদ। বাকি তিন স্পিনার, সাকলাইন সজীব, মাহমুদুল হাসান, শুভাগত হোম ও বাংলাদেশের টেস্ট দলের পেসার মোহম্মদ শহীদ কোনো উইকেট পাননি।