শেষ বিকেলে ভাঙল কিউই প্রতিরোধ
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার গড়া বড় স্কোরের জবাব ভালোই দিচ্ছিল নিউ জিল্যান্ড। তবে শেষ বিকেলে মিচেল স্টার্ক ও মিচেল জনসনের ভালো বোলিংয়ে ভেঙে যায় সফরকারীদের সেই প্রতিরোধ।
৪ উইকেটে ৫৫৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ব্রিসবেনের গ্যাবায় শুক্রবার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৫৭। কেন উইলিয়ামসন ৫৫ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গী বিজে ওয়াটলিংয়ের রান ১৪।
২৩ রান করে মার্টিন গাপটিল আউট হয়ে যাওয়ায় শুরুটা খুব একটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। তবে টম ল্যাথাম আর উইলিয়ামসনের ব্যাটে এটা কাটিয়ে উঠছিল তারা।
দ্রুত ব্রেক থ্রু পাওয়ার আশায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ তার প্রায় সব বোলারকেই কাজে লাগান। কিন্তু ফল আসছিল না কিছুতেই। ব্রিসবেনের উইকেটের নির্বিষ আচরণ দেখে অনেকে বিস্মিতও হয়েছিলেন।
ল্যাথামকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন মূলত স্টার্ক। অফ স্টাম্প বরাবর দারুণ একটি লেন্থ বল দিয়েছিলেন তিনি। ড্রাইভ করেছিলেন ল্যাথাম। কিন্তু বল ব্যাটের বাইরের কানায় লেগে সোজা চলে যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাথান লায়নের কাছে।
এর পর দ্রুতই আরও তিনটি উইকেট হারায় ব্রেন্ডন ম্যাককালামের দল। ৪৭ রান করে ল্যাথাম আউট হওয়ার পর জনসন ফেরান রস টেইলর ও ম্যাককালামকে। এর পর স্টার্ক আউট করেন জিমি নিশামকে।
স্টার্ক ২ উইকেট নিতে খরচ করেন ৩০ রান। আর জনসন ২ উইকেট নেন ৫২ রানে। আর গাপটিলের উইকেটটি পেতে জশ হেইজেলউড দেন ৩৩ রান।
এর আগে প্রথম দিনে ২ উইকেটে করা ৩৮৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া।
১০২ রান নিয়ে ব্যাট করতে নামা উসমান খাওয়াজা আউট হন ১৭৪ রান করে। ২৩৯ বলের ইনিংসটি ১৬টি চার ও দুটি ছয়ে সাজান তিনি। গ্যাবায় তিন নম্বরে ব্যাট করতে নামা কোনো ব্যাটসম্যানের ষষ্ঠ সর্বোচ্চ রানের ইনিংস এটা।
গ্যাবায় তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসটি ডন ব্র্যাডম্যানের। ১৯৩১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২৬ রান করেছিলেন কিংবদন্তি এই ব্যাটসম্যান।
ইনিংস ঘোষণার সময় ১১টি চারে ৮৩ রান করে অপরাজিত ছিলেন অ্যাডাম ভোজেস। আর স্মিথ করেন ৪৮ রান।
