২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে সিরিজ শ্রীলঙ্কার

শুরুতে পথ দেখিয়েছেন জনসন চার্লস আর শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে জ্বলে উঠেছে মারলন স্যামুয়েলসের ব্যাট। তবে তাতেও কাজ হয়নি, হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কুশল পেরেরার দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে অতিথিদের ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 09:32 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

এই জয়ে এক ম্যাচ বাকি ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আগামী শনিবার পাল্লেকেলেতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৭তম ওভারে বৃষ্টি নামে। এরপর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৮ ওভারে। চার্লস ও স্যামুয়েলসের দুটি অর্ধশতকে দুই বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২২৫ রান। ৩৬ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়ে পঞ্চম ওভারেই ফিরে যান তিলকারত্নে দিলশান (১৭)। তাকে ফেরানো সুনিল নারাইনই যা একটু পরীক্ষায় ফেলেন স্বাগতিক ব্যাটসম্যানদের।  

দ্বিতীয় উইকেটে লাহিরু থিরিমান্নের সঙ্গে ১৫৬ রানের জুটিতে দলকে জয়ের পথে নিয়ে যান কুশল পেরেরা। তবে তাকে ফিরতে হয় মাত্র ১ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ৯২ বলের ইনিংসটি ৬টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।

কুশল পেরেরা ওয়ানডেতে ৯৯ রানে আউট হওয়া চতুর্থ শ্রীলঙ্কান ব্যাটসম্যান। এর আগে রুমেশ কালুভিতারানা, সনাৎ জয়াসুরিয়া ও দিলশান। এর মধ্যে জয়াসুরিয়া দুবার ৯৯ রানে আউট হন।

কুশল পেরেরার বিদায়ের পর দিনেশ চান্দিমালকে (অপরাজিত ১৫) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন থিরিমান্নে। ৯৫ বলে খেলা তার অপরাজিত ৮১ রানের ইনিংসটি সাজানো ৫টি চার ও একটি ছক্কায়।

এর আগে আন্দ্রে ফ্লেচার শূন্য ও অভিষিক্ত জেরমাইন ব্ল্যাকউড ৯ রান করে ফিরলে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্রাভোর সঙ্গে ৭০ রানের জুচিতে প্রাথমিক প্রতিরোধ গড়েন চার্লস। ব্রাভোকে (২১) ফিরিয়ে তাদের ১১.৪ ওভার স্থায়ী জুটি ভাঙেন মিলিন্দা সিরিবর্ধনে।

এক ম্যাচের জন্য নিষিদ্ধ জেসন হোল্ডারের জায়গায় দলকে নেতৃত্ব দেওয়া স্যামুয়েলসের সঙ্গে ৪০ রানের একটি জুটি গড়েন চার্লস। সিরিবর্ধনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়া এই উদ্বোধনী ব্যাটসম্যান খেলেন ৮৩ রানের চমৎকার এক ইনিংস। তার ৭০ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও ৪টি ছক্কায়।

চার্লসের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয় এই ম্যাচের আগ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে রানের জন্য লড়াই করতে হওয়া স্যামুয়েলসকে। ৩৭তম ওভারে আউট হওয়ার আগে ৬১ বলে ৬৩ রানের ভালো একটি ইনিংস খেলেন তিনি। তার অধিনায়কোচিত ইনিংসটি গড়া ৪টি চার ও দুটি ছক্কায়।

স্যামুয়েলসসহ ওয়েস্ট ইন্ডিজের চার ব্যাটসম্যান পাঁচ বলের মধ্যে রান আউট হয়ে ফিরেন।

শ্রীলঙ্কার সিরিবর্ধনে ও লাসিথ মালিঙ্গা দুটি করে উইকেট নেন।