২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান হতাশা বাংলাদেশে ভুলতে চায় জিম্বাবুয়ে

আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজ হারের হতাশা ভুলে বাংলাদেশ সিরিজের দিকে তাকিয়ে আছেন এল্টন চিগুম্বুরা। জিম্বাবুয়ে অধিনায়ক এই সিরিজে পেতে চান ইতিবাচক কিছু।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

গত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে পাত্তা পায়নি জিম্বাবুয়ে। এবার কাজটা তাদের আরও কঠিন। ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা বছর কাটাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ে দেশের মাটিতে হেরে এসেছে আইসিসির সহযোগী সদস্য আফগানিস্তানের বিপক্ষে।

তবে হতাশার আফগানিস্তান সিরিজকে পেছনে ফেলতে চান চান চিগুম্বুরা। সোমবার বাংলাদেশে আসার পর মঙ্গলবার জিম্বাবুয়ে অনুশীলন করেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক শোনালেন আশার কথা।

“ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বাজে সময়ে ঘুরে দাঁড়ানো। যা হয়েছে, সেসব এখন অতীত। আমাদের পূর্ণ মনোযোগ এখন বাংলাদেশ সিরিজে। সবশেষ সিরিজের চেয়ে উন্নতি করতে হবে আমাদের। ইতিবাচক ফল পেতেই হবে। আমরা চেষ্টা করছি গুছিয়ে উঠে এই সিরিজে মনোযোগ দেওয়ার।”

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর জিম্বাবুয়ে দলের বাইরের থাকা অলরাউন্ডার কেগান মেথ টুইট করেছিলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটের মৃত্যু’। প্রসঙ্গটি উঠতেই এটি উড়িয়ে দেওয়া হাসিতে চিগুম্বুরা বললেন উল্টো কথা।

“অবশ্যই ব্যাপাটি এমন (মৃত্যু) নয়, আমি তো বরং বলব কেবল শুরু। আমাদের বেশকিছু তরুণ ক্রিকেটার উঠে আসছে। স্রেফ ওদেরকে কিছু ম্যাচ খেলতে দেওয়ার ব্যাপার। এক দল তরুণ আছে আমাদের। চাইলে যে কেউ মন্তব্য করতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের সামনে ভবিষ্যত উজ্জ্বল।”

৭ নভেম্বর ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ের ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজ।