শেষ দিনে শামসুরের শতক
বৃষ্টিতে তিন দিনের খেলা ভেসে যাওয়ায় জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে ঢাকা ও ঢাকা মেট্রোর ম্যাচ ড্র হওয়ার পথেই ছিল। শেষ দিন ৭৫ ওভার খেলা হয়, এই সময়ে শতক করেছেন ঢাকা মেট্রোর উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই সৈকত আলীকে হারায় ঢাকা মেট্রো।
এরপরই মেহেদি মারুফকে নিয়ে প্রতিরোধ গড়েন শামসুর। দ্বিতীয় উইকেটে ২০৯ রানের জুটি গড়েন এই দুই জন।
শতক করে ফিরে যান শামসুর (১০৫)। তার ১৮২ বলের ইনিংসটি ৮টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। ৫২ রানে অপরাজিত থাকেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে থাকা মেহেদি আহত হয়ে মাঠ ছাড়ার আগে করেন ৯৯ রান। তার ১৭৯ বলের ইনিংসটি সাজানো ৯টি চার ও ৩টি ছক্কায়।
ভালো করতে পারেননি অধিনায়ক মার্শাল আইয়ুব। ১৯ রান করে ফিরে যান তিনি।
ঢাকা মেট্রো ৩ উইকেটে ২৮৬ রান করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো: ৭৫ ওভারে ২৮৬/৩ (শামসুর ১০৫, সৈকত ০, মেহেদি ৯৯*, মেহরাব ৫২*, মার্শাল ১৯, আসিফ ২*; মাহবুবুল ১০-১-২৭-১, শরীফ ১২-১-৫৬-১, মোশাররফ ২৭-২-৮৭-০, নাজমুল ১৭-২-৬৯-১, দিদার ৬-০-৩৭-০, মজিদ ২-১-১-০, নাসিরুদ্দিন ১-০-৭-০)
ফল: ড্র।
