বোলারদের দাপটে ৩ দিনে রাজশাহীর জয়
বোলারদের দাপটে তিন দিনেই জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছে রাজশাহী। দারুণ এক শতকের পরও সিলেটের বড় হার এড়াতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যান রুমান আহমেদ।
প্রথম ইনিংসে ৩৯৫ রানের বড় সংগ্রহ গড়া রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২৪ রান। কোনো উইকেট না হারিয়ে ৬ ওভার ২ বলে সেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। অভিষেক মিত্র ১৯ ও জুনায়েদ সিদ্দিক ৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে বিনা উইকেটে ১১ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। তখনও ২০৮ রানে পিছিয়ে ছিল অলক কাপালীর দলটি।
প্রথম ইনিংসে ১৭৬ রানে অলআউট হওয়া সিলেট ভালো করতে পারেনি দ্বিতীয় ইনিংসেও। তবে রুমান ও টেল এন্ডারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ইনিংস পরাজয় এড়ায় দলটি।
শাফাক আল জাবির ও মইনুল ইসলামের বোলিং তোপে ১৭ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় সিলেট। এক প্রান্তে রুমান অবিচল থাকলেও ১২৩ রানেই ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে দলটি।
শতকে পৌঁছে রুমান (১০৬) ফিরে গেলে বিপদ আরও বাড়ে সিলেটের। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন অঙ্কে পৌঁছানো রুমানের ১৩২ বলের ইনিংসটি সাজানো ১৪টি চার ও ৪টি ছক্কায়।
রুমানের সঙ্গে ৬৩ রানের জুটি উপহার দেওয়া এনামুল হক জুনিয়রের (২২) বিদায়ে ইনিংস ব্যবধানে জয়ের আরও কাছে চলে যায় রাজশাহী। তবে তাদের হতাশ করে শেষ তিন ব্যাটসম্যান নাসুম আহমেদ, ইমরান আলী ও খালেদ আহমেদ দলকে ২৩ রানের ছোট্ট একটি লিড এনে দেন।
৯০ রানে ৩ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। এছাড়া শাফাক ও নিহাদ-উজ-জামান দুটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে শতকের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন রাজশাহীর ফরহাদ হোসেন। নিজের শততম প্রথম শ্রেণির ম্যাচে ১৪৪ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট প্রথম ইনিংস: ১৭৬
রাজশাহী প্রথম ইনিংস: ৩৯৫
সিলেট দ্বিতীয় ইনিংস: ৬১ ওভারে ২৪২ (ইমতিয়াজ ৭, শাহনাজ ১০, সায়েম ০, রুমান ১০৬, কাপালী ৩১, ইজাজ ৮, ফেরদৌস ২, এনামুল জুনিয়র ২২, নাসুম ১৬, ইমরান ১৮*, খালেদ ১৬; সানজামুল ২৩-৫-৯০-৩, নিহাদ ১২-০-৫৬-২, শাফাক ৮-১-২৪-২, মইনুল ৭-২-২৬-১, শাহজাদা ৬-৩-১৯-১, ফরহাদ হোসেন ৫-০-২১-১)
রাজশাহী দ্বিতীয় ইনিংস: ৬.২ ওভারে ২৬/০ (অভিষেক ১৯*, জুনায়েদ ৭*; নাসুম ২.২-০-১০-০, সায়েম ১-০-২-০, রুমান ২-০-১৩-০, ইজাজ ১-০-১-০)
ফল: রাজশাহী ১০ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: ফরহাদ হোসেন।
