অ্যান্ডারসনে নাকাল পাকিস্তান
ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটা ভালো কাটেনি পাকিস্তানের। জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে ২৩৪ রানেই গুটিয়ে গেছে তাদের প্রথম ইনিংস।
আড়াইশর নিচে পাকিস্তানকে বেঁধে রাখতে মূল অবদান রাখা পেসার অ্যান্ডারসন ১৭ রানে ৪ উইকেট নেন।
দিনের শেষ ভাগে ব্যাট করতে নেমে কোনো অঘটন হতে দেননি ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। দুই ওভারে ৪ রান করে তারা। অ্যালেস্টার কুক শুন্য ও মইন আলি চার রানে ব্যাট করছেন।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দুরূহ পিচে শুরুতেই ধাক্কা খায় তারা; অ্যান্ডারসনের করা তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন আজহার আলি।
সেখান থেকে ৮০ রানের জুটি গড়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেন সরফরাজ আহমেদ ও মিসবাহ-উল-হক। মইন আলির বলে সরফরাজ (৩৯) ক্যাচ আউট হলে ভাঙে জুটিটি।
তারপর বেশিক্ষণ টেকেননি মিসবাহও। ৩৯ রানে শেষ পাঁচ উইকেট হারায় দ্বিতীয় টেস্ট জিতে ১-০ এ এগিয়ে থাকা পাকিস্তান।
নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৭১ রান করেন মিসবাহ। অধিনায়কের ১৬০ বলের ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।
