স্কোরিং শট বাড়ানোর চেষ্টায় নাসির
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে ঘাম ঝরাচ্ছেন নাসির হোসেন। ‘দ্য ফিনিশার’ নামে পরিচিত এই অলরাউন্ডার এখন স্কোরিং শট বাড়ানোর চেষ্টায় আছেন।
দূরের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ; আপাতত জিম্বাবুয়ে সিরিজে নিজেকে মেলে ধরতে চান নাসির। চলতি মৌসুমে দেশের হয়ে ১২ ওয়ানডে খেলে ছয়টিতে ব্যাটিংয়েরই সুযোগ মেলেনি এই তরুণের। বাকি ছয় ম্যাচে সব মিলিয়ে খেলেন ১৪৩ বল।
ছয়/সাত নম্বরে নেমে খেলার জন্য বল খুব বেশি বল পাওয়া যায় না। রানের জন্য জানা সব শটই খেলতে হয়, মাঝে মধ্যে খেলতে হয় উদ্ভাবনী শটও। প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে কাজ করে নতুন শটের জন্য প্রস্তুত হচ্ছেন নাসির।
“সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (আছে), আমি চেষ্টা করছি স্কোরিং শট বাড়ানোর জন্য। চেষ্টা করছি প্রতি বলে রান করার জন্য। চেষ্টা করছি দ্রুত রান করার জন্য; অল্প বলে বেশি রান করার জন্য।”
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের নাসির জানান, জাতীয় ক্রিকেট লিগে যতটা সম্ভব ব্যাটিং অনুশীলন সেরে নেওয়ার পরিকল্পনা ছিল তার।
“চেষ্টা করেছি, যতক্ষণ সম্ভব উইকেটে থাকার এবং ব্যাটিং করার। হয়তো বেশি সময় উইকেটে থাকতে পারিনি। তারপরও চেষ্টা করেছি ব্যাটিং অনুশীলনটা সেরে নেওয়ার। সব ম্যাচেই এবার উইকেট খুব ভালো ছিল।”
জিম্বাবুয়ে সিরিজ শেষেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন ‘আইকন’ খেলোয়াড় নাসির। তবে আপতত ক্রিকেটারদের ভাবনা জুড়ে জিম্বাবুয়ে সিরিজ বলেই জানান এই অলরাউন্ডার।
“বিপিএল নিয়ে আমাদের মধ্যে সেভাবে কোনো কথা হচ্ছে না। সবাই ফোকাসড আছে জিম্বাবুয়ের জন্য। এখানে ভালো খেললে এই আত্মবিশ্বাসটা বিপিএলে কাজে আসবে। বিশ্বকাপের জন্যও আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার সুযোগ এটা।”
