তিনশ ছুঁয়ে সামনে তাকিয়ে নাবিল সামাদ
বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেট স্পর্শ করেছেন নাবিল সামাদ। এই বাঁহাতি স্পিনার এখন তাকিয়ে সামনে, চারশ’ ছাড়িয়ে যেতে চান আরও দূরে।
ম্যাচের আগেই মাইলফলকের কথা জানতেন নাবিল সামাদ। চট্টগ্রাম বিভাগীয় দলের এক সতীর্থ মনে করিয়ে দিয়েছিলেন, ২৯৫ উইকেট হয়ে গেছে তার। পঞ্চম রাউন্ডে সিলেটের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে এগিয়েছেন আরেকটু কাছে। মঙ্গলবার ম্যাচের শেষ দিনে পৌঁছে গেলেন সেই কাঙ্ক্ষিত ঠিকানায়!
মাইলফলক ছোঁয়ার আগে অবশ্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ১৪০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন সিলেটের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও শাহনাজ আহমেদ। ইমতিয়াজকে ফিরিয়ে এই জুটি ভাঙার পাশাপাশি নাবিল এগিয়েছেন আরেক ধাপ। খানিক পর শাহনাজকে ফিরিয়ে স্পর্শ করেছেন স্বপ্নের ৩০০!
পরে আরেকটি উইকেট নিয়ে ম্যাচ শেষ করেছেন ৩০১ উইকেটে। ম্যাচটি অবশ্য হেরেছে নাবিলের দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাবিল জানালেন, তার অনুভূতিও তাই মিশ্র।
“খুব ভালো লাগছে অবশ্যই। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেট বিশ্ব ক্রিকেটের পেক্ষাপটে হয়ত খুব বেশি কিছু নয়, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় অনেক বড় ব্যাপার। ভালো লাগছে। তবে ম্যাচটি জিততে পারলে আরও ভালো লাগত।”
প্রায় এক যুগ ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন নাবিল। দেশের ঘরোয়া ক্রিকেটে তিনি পরিচিত নাম। কিন্তু কখনও জাতীয় দলে সুযোগ হয়নি। পাদপ্রদীপের আলোও তাই সেভাবে পড়েনি তার ওপর। তারপরও খেলে গেছেন ঘরোয়া ক্রিকেট, খেলে যাচ্ছেন এখনও।
৩০০ উইকেট প্রাপ্তিকে নাবিল মনে করছেন দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা ধরে রাখার পুরস্কার।
২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন নাবিল। সেই দলে তার সতীর্থ মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালরা এখন বাংলাদেশ দলের অপরিহার্য নাম। রকিবুল হাসান, শামসুর রহমান, মেহরাব হোসেন বা সোহরাওয়ার্দী শুভর মতো অনেকে আবার জাতীয় দলে খেলে বাদও পড়ে গেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চৌকাঠে পা রাখা হয়নি সেই দলের সম্ভাবনাময় স্পিনার নাবিলের।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম মৌসুমেই (২০০৩-০৪) নাবিল নিয়েছিলেন ৪৯ উইকেট। পরে আর অভিষেক মৌসুমের সাফল্যকে টপকাতে পারেননি। তবে সেরা উইকেটশিকারিদের তালিকায় ছিলেন পরে বেশ কয়েকবারই। দ্বিতীয় মৌসুমেই পেয়েছিলেন ৩৭ উইকেট, ২০০৬-০৭ মৌসুমে ৩৪টি, ২০০৮-০৯ মৌসুমে ৪১টি, ২০১৩-১৪ মৌসুমে ৩১টি। জাতীয় দলে ঢোকার দাবিও তুলেছেন। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছেঁড়েনি।
এক সময় এজন্য হতাশ হলেও সেসব এখন পেছনে ফেলে এসেছেন নাবিল। ২৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার স্বান্ত্বনা খুঁজে নিয়েছেন ভাগ্যকে দায় দিয়েই।
“হতাশ লাগত একসময়। কিন্তু সবার ভাগ্যে তো সব থাকে না। সবার জাতীয় দলে খেলার সুযোগ হয় না। আমাদের দেশে এত এত বাঁহাতি স্পিনার, ভালো করলেও তাই সুযোগ পাওয়া ছিল মুশকিল। এখন তাই এসব ভাবি না। মনের আনন্দে খেলে যাচ্ছি, খেলব যতদিন মন চায়।”
যে দলের বিপক্ষে ছুঁলেন তিনশর মাইলফলক, সেই সিলেটই কিন্তু নাবিলের আসল দল। সিলেটেরই সন্তান তিনি, শুরু থেকে এবারের আগ পর্যন্ত ১২ মৌসুম খেলেছেন সিলেটের হয়েই। তার ৩০১ উইকেটে ২৫৯টিই সিলেটের হয়ে।
উত্তরসূরি তরুণদের সুযোগ দিতেই এবার ঘরের দল ছেড়ে চট্টগ্রমে গেছেন, জানালেন নাবিল।
“সিলেটে এনাম তো আছেই (এনামুল জুনিয়র), সঙ্গে জাভেদ (রাহাতুল ফেরদৌস), নাসুম আহমেদের মত তরুণ বাঁহাতি স্পিনার বেরিয়ে আসছে। আমি থাকলে ওই ছেলেরা হয়ত নিয়মিত সুযোগ পেত না, ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হতো। নির্বাচক, বিভাগীয় কর্মকর্তারা, সবার সঙ্গে কথা বলেই এবার চট্টগ্রামে খেলছি।”
সিলেট দলেই তার দীর্ঘদিনের সতীর্থ এনামুল হক জুনিয়রের দিকে চোখ এখন নাবিলের। বাংলাদেশের একমাত্র এনামেরই আছে ৪০০ উইকেট। তাকেও ছাড়িয়ে নাবিল যেতে চান আরও দূরে।
“যত দিন ভালো লাগে, খেলে যাব আশা করি। সুনির্দিষ্ট লক্ষ্য নেই। ৪০০ উইকেট তো বটেই, পেতে চাই আরও বেশি উইকেট। যত বেশি পাওয়া সম্ভব, পেতে চাই উইকেট”
প্রথম শ্রেণিতে বাংলাদেশের সর্বোচ্চ ১০ উইকেট শিকারি:
বোলার | ম্যাচ | উইকেট | সেরা | গড় | ১০/৫ |
এনামুল হক জুনিয়র | ১০৬ | ৪১৫ | ৭/৪৭ | ২৯.৭৩ | ৩০/৫ |
আব্দুর রাজ্জাক | ৮৭ | ৩৮৫ | ৯/৮৪ | ২৭.৭৯ | ২০/৭ |
মোহাম্মদ শরিফ | ১০৯ | ৩৩৭ | ৬/২৪ | ২৭.৯৭ | ১৪/৩ |
ইলিয়াস সানি | ৯২ | ৩৩১ | ৭/৭৩ | ২৭.৯৭ | ১৭/২ |
মোশাররফ হোসেন | ৭৯ | ৩৩০ | ৯/১০৫ | ২৫.১৪ | ১৯/৩ |
নাবিল সামাদ | ৮৯ | ৩০১ | ৮/৬১ | ২৭.৩৩ | ১৫/২ |
সাকলাইন সজীব | ৬৫ | ২৮৮ | ৯/৮২ | ২৩.৪৪ | ১৯/৩ |
সোহরাওয়ার্দী শুভ | ৬৫ | ২৬৭ | ৬/৭১ | ২৫.৪৫ | ১৮/২ |
আরাফাত সানি | ৬৫ | ২৪৯ | ৭/৪৯ | ২২.৬৩ | ১৭/১ |
সাকিব আল হাসান | ৭৮ | ২৪৭ | ৭/৩২ | ৩১.০৬ | ১৯/১ |
