ইংলিশ প্রতিরোধ ভেঙে পাকিস্তানের রোমাঞ্চকর জয়
খাদের কিনারায় দাঁড়িয়ে অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলেছিল ইংল্যান্ডের লোয়ার অর্ডার। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৬.৩ ওভার বাকি থাকতে জয় তুলে নিয়েছে পাকিস্তান।
দুবাই টেস্টে ১৭৮ রানের জয়ে ৩ টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল পাকিস্তান। নাটকীয়তায় ভরা সিরিজের প্রথম টেস্ট হয়েছিল ড্র।
পরাজয়ের শঙ্কাতেই শেষ দিন শুরু করেছিল ইংল্যান্ড। দিনের প্রথম ভাগ দেখেছে অনুমিত চিত্রনাট্যের বাস্তবায়ন। ৩ উইকেটে ১৩০ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। ৫৯ রানে অপরাজিত জো রুট আউট হন ৭১ রানে। দুই পাক স্পিনার, ইয়াসির শাহ ও জুলফিকার বাবরের দারুণ বোলিংয়ের জবাব ছিল না ইংলিশ মিডল অর্ডারের।
শেষ স্বীকৃত ব্যাটসম্যান বেন স্টোকস যখন আউট হলেন, ইংল্যান্ডের রান তখন ৭ উইকেটে ১৯৩। দিনের খেলার বাকি তখনও ৪১.৩ ওভার। তখন কে ভেবেছিল, এই ম্যাচও ঊষর মরুতে ছড়াবে উত্তেজনার রেণু! এই ম্যাচেরও মীমাংসা দিনের শেষ বেলায়!
দুর্দান্ত এক ইনসুইঙ্গিং ইয়র্কারে ব্রডকে (৩০) ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়াহাব রিয়াজ। তখনও বোঝা যায়নি নাটকের বাকি আছে আরও। নবম উইকেটে পেসার মার্ক উডকে নিয়ে আরও কঠিন প্রতিরোধ গড়ে তোলেন রশিদ। ওভারের পর ওভার কাটিয়ে দিতে থাকেন দুজন। পাকিস্তানের সব প্রচেষ্টা মুখ থুবড়ে পড়তে থাকে দুজনের প্রতিরোধের দেয়ালে। প্রায় দুই ঘণ্টা উইকেটে কাটিয়ে দেন তারা।
শেষ পর্যন্ত পাকিস্তানকে স্বস্তি দেন জুলফিকার বাবর। ৯৫ বল খেলে ফেলা উড (২৯) আউট হন স্লিপে ক্যাচ দিয়ে। নবম উইকেটে রশিদের সঙ্গে তার জুটি ছিল ৫৫ রানের। তার চেয়েও গুরুত্বপূর্ণ, উইকেট ছিলেন দুজন ২৯.২ ওভার!
নিজেদের প্রথম টেস্ট জয়ের ৬৩ বছর পূর্তির দিনে পাকিস্তান পেল স্মরণীয় এক জয়।
৪৭ ওভার বল করে মাত্র ৫৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাবর। আর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪টি উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। প্রথম ইনিসে ৪ উইকেট নেওয়া ওয়াহাব রিয়াজ দ্বিতীয় ইনিংসে উইকেট নিয়েছেন একটিই। তবে ম্যাচে সামগ্রিক প্রভাবের বিবেচনায় ম্যান অব দা ম্যাচ রিয়াজই।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট আগামী রোববার থেকে, শারজাহয়।
