২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ বাঁচাতে লড়ছে ঢাকা

রংপুরের দুই বাঁহাতি বোলার সাজেদুল ইসলাম ও বিশ্বনাথ হালদারের জোড়া আক্রমণে ফলো অনে পড়েছে ঢাকা বিভাগ। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ বাঁচাতে লড়ছে সাবেক চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 06:03 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

এবারের জাতীয় লিগে প্রথম খেলতে নেমেই ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার বিশ্বনাথ হালদার। অভিজ্ঞ বাঁহাতি পেসার সাজেদুল ইসলামও নিয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসে রংপুরের ৪৬৩ রানের জবাবে ঢাকা বিভাগ গুটিয়ে গেছে ২৭৬ রানে। ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৩৪ রান নিয়ে শেষ করেছে তারা তৃতীয় দিন।

২ উইকেটে ৭৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ঢাকা তৃতীয় ওভারেই হারায় উইকেট। আগের দিন ক্যারিয়ারে ২০০ উইকেট পূর্ণ করা সাজেদুল এদিন তুলে নেন মোশাররফ হোসেনকে (৩১)।

চারে নেমে দারুণ খেলেছেন রকিবুল হাসান। কিন্তু লম্বা সময় সঙ্গী পাননি কাউকে। নাদিফ-শরিফ-সগিররা সবাই আউট হয়েছেন থিতু হয়েও। ১১ চারে রকিবুলের ৭৯ রানের ইনিংস শেষ হয়েছে তানভীর হায়দারের লেগ স্পিনে।

বিশ্বনাথের ৩ উইকেট পরে পরে আর বেশি দূর এগোতে দেয়নি ঢাকাকে। এবারের লিগে প্রথম খেলতে নামা আরেকজন, পেসার শুভাশিষ রায় নিয়েছেন ২ উইকেট। ৬৫ রানে ঢাকা হারিয়েছে শেষ ৫ উইকেট।

ফলো অনের দ্বিতীয় ইনিংসেও শুরুতেই ওপেনার জনি তালুকদারকে হারায় ঢাকা। পরে প্রায় ১৯ ওভারে ২২ রানের জুটিতে দিন পার করে দেন মজিদ ও সাইফ। ৬৪ বলে ৬ করে অপরাজিত সাইফ!

আগের রাউন্ডেও শেষ দিনে সংযমের পরীক্ষায় উতরে ম্যাচ ড্র করতে পেরেছিল ঢাকা। এবারও ম্যাচ বাঁহাতে শেষ দিনে করতে হবে তাদের তেমন কিছুই।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ৪৬৩

ঢাকা ১ম ইনিংস: ৯৪.৪ ওভারে ২৭৬ (মোশাররফ ৩১, নাদিফ ১২, মজিদ ১৯, শরিফ ৩১, সগির ১৮, সাব্বির ১৭, নাজমুল ২, জয়রাজ ৮*; সাজেদুল ২১.১-৩-৭১-৩, শুভাশিস ১৯-৭-৪৯-২, আরিফুল ১১-৫-২৩-০, নাঈম ৪-২-১০-০, বিশ্বনাথ ২১-১১-৩৭-৩, তানভীর ২১-১-৫০-১, শুভ ৬-০-২৮-০)।

ঢাকা ২য় ইনিংস (ফলো অনের পর): ২১ ওভারে ৩৪/১ (জনি ৪*, মজিদ ২০*, সাইফ ৬*; শুভাশিস ৬-৩-৬-১, আরিফুল ৩-০-১৭-০, সাজেদুল ২-০-২-০, তানভীর ৬-২-৪-০, বিশ্বনাথ ৩-৩-০-০, শুভ ১-০-১-০)।