মিসবাহর শতকে প্রথম দিন পাকিস্তানের
অধিনায়ক মিসবাহ-উল-হকের শতকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। ৪ উইকেটে ২৮২ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা।
১০২ রান নিয়ে উইকেটে আছেন মিসবাহ। তার সঙ্গী আসাদ শফিক খেলছেন ৪৬ রান নিয়ে।
টেস্ট ক্রিকেটে নিজের নবম টেস্ট শতকটি পেতে প্রায় এক বছর অপেক্ষা করতে হয় মিসবাহকে। ১৯২ বলের হার না মানা ইনিংসে এ পর্যন্ত ৮টি চার ও ৫টি ছয় মেরেছেন তিনি। গত বছর নভেম্বরে আবু ধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ শতকটি করেছিলেন তিনি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ ও শান মাসুদের ৫১ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করে পাকিস্তান। কিন্তু সাত রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বসে তারা।
মইন আলির বলে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফেরেন ১৯ রান করা হাফিজ। মাত্র ২ রান করে বেন স্টোকসের বলে আউট হন প্রথম টেস্টে দ্বিশতক করা শোয়েব মালিক।
বড় ইনিংসের সম্ভাবনা জাগালেও পারেননি মাসুদ। দলীয় ৮৫ রানে জেমস অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। ৮৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৪ রান করেন তিনি।
দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া পাকিস্তানকে পথ দেখান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান ও মিসবাহ। চতুর্থ উইকেটে ৯৩ রান যোগ করেন তারা।
মার্ক উডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৬ রান করেন প্রথম টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া ইউনুস। ১১৫ বলের ইনিংসে ৪টি চার মারেন তিনি।
পঞ্চম উইকেটে আসাদ শফিকের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন মিসবাহ। অবিচ্ছেদ্য জুটিতে ১০৪ রান তোলে তারা।
