১১ 'বোলারেও' জিততে পারল না রংপুর
বল হাতে নিয়েছেন দলে সবাই। মরিয়া এই প্রচেষ্টাতেও ঢাকা মেট্রোকে অল্প রানে আটকাতে পারেনি রংপুর। ড্র হয়েছে খুলনায় জাতীয় লিগের প্রথম স্তরের এই ম্যাচ।
মঙ্গলবার ২ উইকেটে ১৭৯ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল ঢাকা মেট্রো। এগিয়ে ছিল তারা ১২২ রানে। মেট্রোকে অল্প রানে বাধতে পারলে হয়ত ম্যাচে ইতিবাচক ফল পেতে পারত রংপুর। কিন্তু পারেনি তারা মেট্রোর ব্যাটসম্যানদের দৃঢ়তায়।
দিনের প্রথম ওভারেই অবশ্য মাহমুদউল্লাহকে (৫২) হারিয়েছিল মেট্রো। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়রও শেষ দিনে থাকতে পারেননি লম্বা সময়। ৮৭ রান নিয়ে দিন শুরু করা ব্যাটসম্যান অবশ্য আউট হওয়ার আগে করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬তম শতক।
তবে ওই দুই উইকেটেও জয়ের দুয়ার খুলতে পারেনি রংপুর। মেট্রোর ভরসা হয়ে উইকেটে ছিলেন আসিফ আহমেদ (৭৭*)। লোয়ার-মিডল অর্ডারে ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন জাবিদ হোসেন (৬২ বলে ১৪) ও আরাফাত সানি (৭৪ বলে ১২*)।
বোলিং করেছেন রংপুরের উইকেটকিপার ধীমান ঘোষসহ সবাই, কিন্তু লাভ তাতে হয়নি কিছু।
২৯৫ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে মেট্রো, জয় তখন রংপুরের ধরাছোঁয়ার বাইরে। বাকি সময়টায় হয়েছে শুধু নিয়ম রক্ষার খেলা।
চার রাউন্ড শেষে ৩১ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের তিনে আছে ঢাকা মেট্রো। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ২২ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৪২
রংপুর ১ম ইনিংস: ২৯৯
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ১২০ ওভারে ৩৫২/৭ (ডিক্লে.) (মেহরাব ১০৯, মাহমুদউল্লাহ ৫২, মার্শাল ৩৪, আসিফ আহমেদ ৭৭*, শরিফুল্লাহ ২, জাবিদ ১৪, সানি ১২*; সাজেদুল ১২-২-২৭-১, সাদ্দাম ১০-২-৩৫-১, নাসির ২২-৪-৪৪-৪, সঞ্জিত ৬-১-২৮-০, তানভীর ২৫-৫-৭৩-৩, শুভ ২৯-৬-৮১-০, তারিক ১-০-৭-০, ধীমান ৫-০-১৫-০, নাঈম ১-০-২-০, নবিন ২-০-৬-০, আরিফুল ৭-১-২৬-০)।
রংপুর ২য় ইনিংস: ২৪ ওভারে ৭২/৩ (নবিন ১১, নাসির ১৭, আরিফুল ৩১*, তারিক ৩, নাঈম ১০*; মেহরাব ৬-০-১৯-০, আসিফ হাসান ৯-১-৩২-২, শামসুর ৫-২-৬-১, মাহমুদউল্লাহ ১-০-২-০, মেহেদি মারুফ ১-০-৫-০, জাবিদ ১-০-৬-০, শরিফুল্লাহ ১-০-২-০)।
