২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজিদ-সাইফের ব্যাটে ঢাকার ড্র

সংযমী ব্যাটিংয়ের অসাধারণ প্রদর্শনীতে খুলনার বিপক্ষে ড্র আদায় করে নিয়েছে ঢাকা বিভাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

ফতুল্লায় ম্যাচের শেষ দিনে মঙ্গলবার ৯৩.৫ ওভার ব্যাটিং করে ১৯৬ রান তুলেছে ঢাকা। তবে মূল উদ্দেশ্যে তারা সফল। সারা দিনে মাত্র ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কা কাটিয়ে ফিরেছে তারা।

শেষ ইনিংসে জয়ের জন্য ঢাকার লক্ষ্য ছিল ৪৭০। প্রায় অসম্ভব সেই লক্ষ্যের পেছনে ছোটেনি ঢাকা, লক্ষ্য ছিল তাদের টিকে থেকে ড্র করা।

আগের দিন শেষ বিকেলেই ঢাকা হারিয়ে ফেলেছিল ২ উইকেট। কিন্তু শেষ দিনে চোয়ালবন্ধ প্রতিজ্ঞায় উইকেট আঁকড়ে রেখেছেন মজিদ-রকিবুল-সাইফরা। তৃতীয় উইকেটে রকিবুল হাসানকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েছেন আব্দুল মজিদ ৪১ ওভার খেলে!

লাঞ্চের পর মজিদ ও রকিবুল পরপর দুই ওভারে ফিরে গেলে আবার জয়ের গন্ধ পায় খুলনা। রকিবুলকে (১১৪ বলে ৩৮) ফেরান রাজ্জাক, ৪ ঘণ্টায় ১৯৯ বলে ৬০ রান করা মজিদকে ফিরিয়ে দেন মেহেদি হাসান মিরাজ।

তবে ঢাকার ভরসা হয়ে দাঁড়িয়ে যান সাইফ। এক প্রান্ত আগলে রেখেছেন অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যান। আরেক প্রান্তে বড় রান না পেলেও অনেকটা সময় উইকেট আগলে রেখেছেন সবাই। ৪৭ বলে ৩০ করেছেন নাদিফ; ৪০ বলে ১ করেছেন মোশাররফ হোসেন।

ঢাকা যখন সপ্তম উইকেট হারাল, দিনের খেলা তখনও প্রায় ঘণ্টা দুয়েক বাকি। কিন্তু সাইফ আর সগিরের দৃঢ়তায় বিপদে পড়েনি ঢাকা। ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দুজন কাটিয়ে দেন প্রায় ২৪ ওভার।

৭৬ বলে ৮ রান করে অপরাজিত থেকে যান সগির হোসেন। প্রায় চার ঘণ্টায় ১৯১ বলে ৬৪ করে অপরাজিত থাকেন সাইফ।

৩৯ পয়েন্ট নিয়ে চার রাউন্ড শেষে প্রথম স্তরের শীর্ষে আছে খুলনা। ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা বিভাগ।  

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ১১৭

ঢাকা ১ম ইনিংস: ১৫৪

খুলনা দ্বিতীয় ইনিংস: ৫০৬/৭ (ইনিংস ঘোষণা)

ঢাকা ২য় ইনিংস: ১২৪ ওভারে ২৩৩/৭ (মজিদ ৬০, রকিবুল ৩৭, সাইফ ৬৪*, নাদিফ ৩০, মোশাররফ ১, মাসুম ১, সগির ৮*; মুস্তাফিজ ১৪-৮-১০-০, জিয়াউর ৩-০-১৩-১, রাজ্জাক ৫০-২৩-৯৬-১, মিরাজ ৩১-১০-৭০-৩, আবু বক্কর ২৩-১৪-২৫-২, মেহেদি ২-০-৯-০, ইমরুল ১-০-১-০)।

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দা ম্যাচ: নুরুল হাসান।