২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটার ম্যাথিউস

শ্রীলঙ্কার ক্রিকেটের বর্ষসেরা পুরস্কারের রাতে জয়জয়কার ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের। ব্যাট আর বল হাতে দারুণ একটি বছর কাটানো লঙ্কার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ক্রিকেটার হওয়ার সঙ্গে জিতে নিয়েছেন আরও তিনটি পুরস্কার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 05:40 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

২০১৪ সালে শ্রীলঙ্কার সেরা টেস্ট ব্যাটসম্যানের ট্রফিও জেতেনে ম্যাথিউস। ওয়ানডের সেরা ব্যাটসম্যানও হয়েছেন তিনিই। এ ছাড়া ওয়ানডের বর্ষসেরা অলরাউন্ডারের পুরস্কারও গেছে তারই অধিকারে।

পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের খেলা বিবেচনা করা হয়েছে। এই সময়ের মধ্যে ৭৭.৩৩ গড়ে টেস্টে এক হাজার ১৬০ রান করেন ম্যাথিউস। ওয়ানডেতে ৬২.২০ গড়ে এক হাজার ২৪৪ রান করার পাশাপাশি ৩৬.১৬ গড়ে নেন ১৮টি উইকেট।

২৭.১৭ গড়ে ৫৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ২০১৪ সালের সেরা টেস্ট বোলারের পুরস্কার জেতেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। আর ওয়ানডের সেরা বোলারের পুরস্কারটি উঠেছে ২১.৬৩ গড়ে ৩৮ উইকেট পাওয়া স্পিনার অজান্তা মেন্ডিসের হাতে।

টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানের পুরস্কার জেতেন কুশল পেরেরা। এই ফরম্যাটের সেরা বোলার হয়েছেন নুয়ান কুলাসেকারা। কুশল উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জেতেন।

দর্শকদের ভোটে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো কুমার সাঙ্গাকারা।