২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোসাদ্দেককে ছাড়া বিপদে বরিশাল

বোলারদের দারুণ বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে সিলেট। প্রথম ইনিংসে বরিশালকে ১৫৫ রানে অলআউট করেছে তারা, যাতে সবচেয়ে বড় অবদান বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 06:06 PM

Updated : 26 Jul 2022, 12:06 PM

দিন শেষে সিলেটের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান। ইমতিয়াজ হোসেন ২৫ ও জাকির হাসান ৯ রানে ব্যাট করছেন। রান আউট হয়ে ফিরে গেছেন সায়েম আলম। 
 
দুই দলের ড্র হওয়া আগের ম্যাচে রানের পাহাড় গড়েছিল বরিশাল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এখন আফ্রিকা সফরে থাকা মোসাদ্দেক হোসেনের দ্বিশতকে সেই ম্যাচে ৯ উইকেটে ৫২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল বরিশাল। 
 
মোসাদ্দেককে ছাড়া খেলতে নেমে এবার প্রথম ইনিংসে দাঁড়াতেই পারেনি দলটি। শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৩৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি।
 
শাহরিয়ার নাফীস, শাহিন হোসেন ও অধিনায়ক ফজলে মাহমুদের দ্রুত বিদায়ের ধাক্কা আর সামাল দিতে পারেনি বরিশাল। 
 
চতুর্থ উইকেটে সালমান হোসেনের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সর্বোচ্চ ৩৬ রান করা আল-আমিন। তাকে ফিরিয়ে রাহাতুল ফেরদৌস ৪৯ রানের জুটি ভাঙার পর বরিশালকে চেপে ধরেন নাসুম। 
 
৮৪ থেকে ১০৪ রানে পৌঁছাতে পাঁচ উইকেট হারায় বরিশাল, যার চারটিই নেন বাঁহাতি স্পিনার নাসুম। ৩২ রানে চার উইকেট নিয়ে তিনিই সিলেটের সেরা বোলার। 
 
দুই টেলএন্ডার সালেহ আহমেদ ও গোলাম কবিরের ব্যাটে কোনোমতে দেড়শ’ পার হয় বরিশালের ইনিংস। 
 
সিলেটের অধিনায়ক অলক কাপালী ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নেন। 
 
সংক্ষিপ্ত স্কোর:
 
বরিশাল: ৫৫ ওভারে ১৫৫ (নাফীস ৯, শাহিন ১৭, মাহমুদ ৮, সালমান ১১, আল আমিন ৩৬, সোহাগ ১৬, নুরুজ্জামান ০, মনির ০, সালেহ ২১, কবির ২১*, তৌহিদ ৯; নাজমুল ১০-৪-১২-১, খালেদ ১২-৪-২৮-২, সায়েম ৪-০-১৯-০, কাপালী ৯-২-৩৩-২, ফেরদৌস ৭-২-২০-১, নাসুম ১২-৩-৩২-৪, সাদিকুর ১-০-৫-০)।
 
সিলেট: ২০ ওভারে ৪৫/০ (ইমতিয়াজ ২৫*, সায়েম ১১, জাকির ৯*; তৌহিদ ৩-১-৯-০, কবির ৫-২-১২-২, সোহাগ ৭-২-১৫-০, নুরুজ্জামান ২-০-৩-০, মনির ৩-১-৬-০)।