২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকের দৃঢ়তায় ইংল্যান্ডের লিড

অ্যালেস্টার কুকের অসাধারণ এক দ্বিশতকে পাকিস্তানের বিশাল স্কোর তাড়া করে লিড তুলে নিয়েছে ইংল্যান্ড। তবে আবু ধাবির মরা উইকেটে টেস্টের শেষ দিনে চরম কোনো নাটকীয়তা না হলে ড্রয়ই হতে যাচ্ছে ম্যাচটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 08:34 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

শুক্রবার দিনের খেলার ৩.৩ ওভার বাকি থাকতে বৃষ্টি নামার পর বল আর মাঠে গড়ায়নি। ওই সময় ইংল্যান্ডের স্কোর ছিল আট উইকেটে ৫৬৯ রান।

ইংলিশদের বিশাল ইনিংস গড়ার পথে সবচেয়ে বড় অবদান অধিনায়ক কুকের। আগের দিনের ১৬৮ রান নিয়ে খেলতে নেমে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক।

প্রতিপক্ষের বিশাল স্কোরের নিচে চাপা পড়া দলকে তুলে আনতে অধিনায়কোচিত ২৬৩ রানের ইনিংস খেলেন কুক। এই ইনিংসে এদিন দুটি চূড়ায় উঠেন তিনি।

এশিয়ার বাইরের ব্যাটসম্যানদের মধ্যে এশিয়ায় সবচেয়ে বেশি রানের মালিক এখন কুক। আগের রেকর্ডধারী জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে যান তিনি; এশিয়ায় প্রোটিয়া অলরাউন্ডার ক্যালিসের রান ২ হাজার ৫৮ আর কুকের রান ২ হাজার ৬৫।

এছাড়া আগের দিনই বছরে এক হাজার রানের মাইলফলক ছোঁয়া কুক সতীর্থ জো রুটকে ছাড়িয়ে এই বছরে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেছেন। এ বছরে টেস্টে এখন তার রান ১ হাজার ১৭০।

এবার দিয়ে চতুর্থবারের মতো বছরে এক হাজার বা তার বেশি রান করার কৃতিত্ব দেখালেন কুক। এর আগে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র কেভিন পিটারসেনের এই কীর্তি ছিল।

ছন্দে থাকা জো রুট অবশ্য এদিনও দারুণ ব্যাট করছিলেন। কুকের পিছু পিছুই ছুটছিলেন তিনি। তবে ৮৫ রান করে রাহাত আলির বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এ বছরে টেস্টে তার মোট রান ১ হাজার ৮৬।

দলীয় স্কোর ৪২৬ রানে রুটের বিদায়ের মধ্যে দিয়েই ভাঙে আগের দিনের অপরাজিত কুক ও রুটের ১৪১ রানের জুটিটি। ৩ উইকেটে ২৯০ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নেমেছিলেন তারা।

রুটের বিদায়ের পর জনি বেয়ারস্টোও দ্রুত ফিরে যান। তারপর পঞ্চম উইকেটে বেন স্টোকসের সঙ্গে ৯১ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন কুক। ৫৭ রান করে আউট হন স্টোকস।    

এর কিছুক্ষণ পরেই শোয়েব মালিকের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান কুক। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে দেখে-বুঝে খেলা ৫২৮ বলের ইনিংসে ১৮টি চার মারেন তিনি।

আদিল রশিদ ৬ ও স্টুয়ার্ট ব্রড ০ রান নিয়ে শনিবার ম্যাচের শেষ দিনে ব্যাট করতে নামবেন।