২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরাথের ঘূর্ণিতে এলোমেলো উইন্ডিজ

রঙ্গনা হেরাথের স্পিনে এলোমেলো হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলো অনে পড়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও দ্রুত ২ উইকেট হারিয়েছে জ্যাসন হোল্ডারের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৬৭ রান। ২০ রান নিয়ে উইকেটে আছেন ড্যারেন ব্র্যাভো। আরেক অপরাজিত ব্যাটসম্যান নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশু খেলছেন ৬ রান নিয়ে।

ইনিংস পরাজয় এড়াতে আরও ১৬৬ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

এর আগে প্রথম ইনিংসে ২ উইকেটে ৬৬ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বাকি ৮ উইকেট হারিয়ে আর ১৮৫ রানই তুলতে পারে তারা। ৪৮৪ রান তোলা শ্রীলঙ্কার চেয়ে প্রথম ইনিংসে ২৩৩ রান পিছিয়ে ছিল সফরকারী দল।

প্রথম ইনিংসে অতিথিদের অল্প রানে বেঁধে ফেলতে ৬৮ রান খরচায় ৬ উইকেট নেন হেরাথ। দ্বিতীয় ইনিংসে ধাম্মিকা প্রসাদের সঙ্গে তাকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

অধিনায়কের চাওয়া পূরণও করেন হেরাথ। মিলিন্দা সিরিবর্ধনে ডানহাতি সাই হোপকে ফেরানোর পর আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েইটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার হেরাথ।

শুক্রবার দিনের শুরুতেই অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের করা ৭ রানের সঙ্গে আর ৪ রান যোগ করে হেরাথের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

স্যামুয়েলস ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের আশা হয়ে উইকেটে ছিলেন ব্র্যাভো। তবে অর্ধশতক করে হেরাথের চতুর্থ শিকারে পরিণত হন তিনি। আউট হওয়ার আগে ১০৭ বলে ৫০ রানের ইনিংসটি ৮টি চার ও একটি ছয়ে সাজান ব্র্যাভো।

এর আগেই জার্মেইন ব্ল্যাকউডকে ফেরান ধাম্মিকা প্রসাদ। এরপর অধিনায়ক হোল্ডার ও দিনেশ রামদিন ফিরে গেলে ফলো অনের শঙ্কায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচ, জেরোম টেইলর ও বিশু লড়াই চালালেও শেষ রক্ষা হয়নি।

রোচ ২২ ও টেইলর ৩১ রান করে আউট হন। বিশু ২৩ রান করে অপরাজিত ছিলেন।

হেরাথ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে অল্প রানে আটকে দিতে অবদান ছিল ধাম্মিকা প্রসাদের। দুই উইকেট নেন তিনি। আর একটি করে উইকেট পান নুয়ান প্রদিপ ও থারিন্দু কৌশল।