২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বড় সংগ্রহের পরে হেরাথের আঘাত

দিমুথ করুনারত্মের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ের পর দিনেশ চান্দিমালের শতকে গল টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। এরপর দিনের শেষ বেলায় ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে অতিথিদের চাপে ফেলেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

শ্রীলঙ্কার ৪৮৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। ড্যারেন ব্রাভো ১৫ ও মারলন স্যামুয়েলস ৭ রানে ব্যাট করছেন। 

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই ভীতি ছড়ান রঙ্গনা হেরাথ। তার বলে এলবিডব্লিউ হলে রিভিউ নিয়ে বেঁচে যান ক্রেইগ ব্রেথওয়েইট। পরের ওভারে আর পার পাননি তিনি, আর্ম বলে এলবিডিব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ব্রেথওয়েইট।

অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শাই হোপ (২৩) ফেরেন হেরাথের বলে বিভ্রান্ত হয়ে। তার বলে বোল্ড হন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এর আগে বৃহস্পতিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ২৫০ রান নিয়ে দিনের খেলা শুরু করে করে শ্রীলঙ্কা। আগের দিনের ১৪৯ রানের জুটিকে এদিন ২৩৮ পর্যন্ত এগিয়ে নেন করুনারত্নে ও চান্দিমাল।   

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় উইকেটে এটাই শ্রীলঙ্কার সবচেয়ে বড় জুটি। ২০০১ সালে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার ১৬২ রান ছিল আগের সর্বোচ্চ।

তৃতীয় শতকটিকে প্রথম দ্বিশতকে পরিণত করার পথেই ছিলেন ১৩৫ রান নিয়ে দিন শুরু করা উদ্বোধনী ব্যাটসম্যান করুনারত্নে। কিন্তু প্রথম সেশনের শেষ দিকে মারলন স্যামুয়েলসকে ফিরতি ক্যাচ দিয়ে সুযোগ হাতছাড়া করেন তিনি।

৩৫৬ বলে খেলা করুনারত্নের ক্যারিয়ার সেরা ১৮৬ রানের ইনিংসটি সাজানো ১৬টি চার ও একটি ছক্কায়।

৭২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা চান্দিমাল পঞ্চম শতকে পৌছান প্রথম সেশনেই। এই ডানহাতি ব্যাটসম্যান ম্যাথিউসের সঙ্গে গড়েন ৮৬ রানের আরেকটি ভালো জুটি।

আগের দিন জীবন দেওয়া জেরোম টেইলরই ফেরান চান্দিমালকে। ১১ রানে জীবন পাওয়া শ্রীলঙ্কার এই তরুণ অবশ্য তার আগে যোগ করেন আরও ১৪০ রান। ২৯৮ বলে খেলা তার ১৫১ রানের ইনিংসটি ১৬টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।

চান্দিমালের বিদায়ের পরই দিক হারায় শ্রীলঙ্কার ইনিংস। স্বাগতিকদের শেষ ৬ উইকেটের পতন হয় ৫৯ রানে। এক সময়ে ৪ উইকেটে ৪২৫ রানে পৌঁছে যাওয়া দলটি তাই পাঁচশ’ রানে পৌঁছাতে পারেনি।

অভিষেকে প্রথম ইনিংসে ভালো করতে পারেননি মিলিন্দা শিরিবর্ধনে (১)। টেইলরের বল তার ব্যাটের কানা ছুঁয়ে দিনেশ রামদিনের গ্লাভসে জমা পড়ে। দুই রানের জন্য অর্ধশতক পাননি শ্রীলঙ্কার অধিনায়ক। অতিথি দলের অধিনায়ক জেসন হোল্ডারকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ম্যাথিউস (৪৮)।

শ্রীলঙ্কার টেল এন্ডারদের দাঁড়াতে দেননি আগের দিন এক উইকেট নেওয়া দেবেন্দ্র বিশু। ধাম্মিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ ও নুয়ান প্রদিপকে ফেরান এই লেগ স্পিনার। ১৪৩ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার। এছাড়া টেইলর ২ উইকেট নেন ৬৫ রানে।