২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের তালিকায় প্রায় দুইশ’ বিদেশি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের জন্য নিবন্ধিত খেলোয়াড়ের তালিকায় স্থানীয়দের তুলনায় বিদেশিদের সংখ্যা দেড়গুণেরও বেশি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 05:55 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, এখন পর্যন্ত ১৯৬ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন।

এছাড়া বিসিবি জাতীয় নির্বাচক, টেকনিক্যাল কমিটি ও পরিচালকরা ১২৩ জন স্থানীয় খেলোয়াড়কে তালিকায় রেখেছেন।

নিরাপত্তা শঙ্কায় অস্ট্রেলিয়ার পুরুষ দল ও দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের দুটি সফর স্থগিত হলেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলে বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে কোনো সংশয় ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তারপরও প্রায় দুইশ’ বিদেশি খেলোয়াড়ের আগ্রহ দেখানো দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার জন্য বড় স্বস্তি হয়েই এসেছে।   

বিপিএলের তৃতীয় আসরে ভারত ছাড়া আর সব টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটাররা খেলার আগ্রহ দেখিয়েছেন। ভারতের ক্রিকেটাররা পৃথিবীর অন্য কোনো দেশে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ পান না।

নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় বিপিএলের দ্বিতীয় আসরে পাকিস্তানের কোনো খেলোয়াড় খেলেননি। এবার দেশটির অনেক ক্রিকেটারই খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন।

সর্বোচ্চ ৫৩ জন করে খেলোয়াড় রয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন ও শ্রীলঙ্কার ২৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার চার জন করে এবং নিউ জিল্যান্ডের দুই জন ক্রিকেটার রয়েছেন।

নিবন্ধিত তালিকায় জিম্বাবুয়ের ছয় জন ছাড়াও রয়েছেন সহযোগী দেশগুলোর ১৫ ক্রিকেটার।

আগামী ২৬ অক্টোবর ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতিতে ক্রিকেটারদের বেছে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো

বিদেশি খেলোয়াড়দের তিনটি গ্রেডে নিবন্ধন করেছে গভর্নিং কাউন্সি। দল পেলে ‘এ’ গ্রেডের খেলোয়াড়রা ৭০ হাজার, ‘বি’ গ্রেডের খেলোয়াড়রা ৫০ হাজার ও ‘সি’ গ্রেডের খেলোয়াড়রা ৩০ হাজার ডলার করে পাবেন।   

স্থানীয় খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পাবেন ছয় আইকন খেলোয়াড়। দল পেলে ‘এ’ গ্রেডের খেলোয়াড়রা ২৫ লাখ, ‘বি’ গ্রেডের খেলোয়াড়রা ১৮ লাখ, ‘সি’ গ্রেডের খেলোয়াড়রা ১২ লাখ ও ‘ডি’ গ্রেডের খেলোয়াড়রা ৫ লাখ টাকা পাবেন।

বিপিএলে দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের তালিকা