২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধীমানের ব্যাটে রংপুরের লিড

ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে দ্বিতীয় দিনেই ২৮ রানের লিড নিয়েছে রংপুর বিভাগ, হাতে আছে ৫ উইকেট। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে শতক ছোঁয়ার অপেক্ষায় ধীমান ঘোষ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 06:40 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

৮৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছেন ধীমান ঘোষ। অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানের ১১১ বলের ইনিংসে ছিল ১৩টি চার, একটি ছক্কা। আরিফুল হকের সঙ্গে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ধীমান গড়েছেন ১৩৩ রানের জুটি।

বগুড়ায় জাতীয় লিগের প্রথম স্তরের এই ম্যাচে শনিবার দু দফায় জোড়া ধাক্কা খেয়েছে রংপুর। ৪৩ রানের উদ্বোধনী জুটির পর দুই ওপেনার সায়মন আহমেদ ও তানভীর হায়দার ফিরে যান পরপর দুই বলে। তিনে নামা তারিক আহমেদও ১ রান করে ফিরে গেলে রংপুরের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৭।

চতুর্থ উইকেটে নাঈম ইসলাম ও মাহমুদুল হাসান গড়েন ৮৬ রানের জুটি। কিন্তু দলের ১৩৩ রানে তিন বলের মধ্যে ফিরে যান দুজনই। ইলিয়াস সানির শিকার হওয়ার আগে নাঈম করেছেন ৪৬। বল হাতে ৫ উইকেট নেওয়া মাহমুদুল ব্যাটিংয়ে নেমে করেন ৪১ রান।

৫ উইকেটে ১৩৩ রানে থাকা রংপুর দিন শেষে রানটা দ্বিগুণ করে ফেলে আর কোনো উইকেট না হারিয়েই। ধীমানের সঙ্গে উইকেটে থাকা আরিফুল (৪৮*) তৃতীয় দিন শুরু করবেন অর্ধশতকের আশায়। 

প্রথম ইনিংসে ২৩৮ রান তুলে অলআউট হয় ঢাকা মেট্রো।

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৩৮। রংপুর ১ম ইনিংস: ৯২ ওভারে ২৬৬/৫ (সায়মন ৬, তানভীর ৩১, তারিক ১, নাঈম ৪৬, মাহমুদুল ৪১, ধীমান ৮৫*, আরিফুল ৪৮*; শহীদ ১৯-৫-৬৩-২, আবু হায়দার ১৯-৭-৪৬-০, সৈকত ৭-১-১৬-০, ইলিয়াস সানি ২৪-৫-৬৩-২, শরিফুল্লাহ ১৪-৩-৩৬-১, মাহমুদউল্লাহ ৭-২-২৯-০, মার্শাল ২-০-৮-০)।