এশিয়ার সবচেয়ে খারাপ ফিল্ডিং শ্রীলঙ্কার?
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই দলের ফিল্ডিংয়ের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জেরোমে জয়ারত্নে। নিজের দলের ফিল্ডিংকে এশিয়ার সবচেয়ে বাজে বলে আখ্যা দিয়েছেন তিনি।
এই মাসেই মারভান আতাপাত্তু কোচের পদ থেকে সরে দাঁড়ালে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পাওয়া জয়ারত্নে দলের ফিল্ডিংয়ের মান বোঝাতে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ দলের উদাহরণ টানেন।
"এখন আমরা এশিয়ার সবচেয়ে খারাপ ফিল্ডিংয়ের দল। আমরা কখনোই পাকিস্তানের পেছনে ছিলাম না, কিন্তু এখন আমরা তাদের পেছনে পড়ে গেছি।"
শ্রীলঙ্কার পত্রিকা দ্য নেশনের সঙ্গে এ বিষয়ে কথা বলার সময় জয়ারত্নে বাংলাদেশের ফিল্ডিংয়ের প্রসঙ্গ তোলেন।
"ভারত প্রমাণ করেছে যে, তারা আমাদের চেয়ে ভালো। এমনকি বাংলাদেশও আমাদের চেয়ে ভালো ফিল্ডিং করে।"
অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নেদের শুধু ফিল্ডিংয়েরই সমালোচনা করেননি কোচ জয়ারত্নে, দলের অন্যান্য বিভাগেরও তীব্র সমালোচনা করেন তিনি।
ফিল্ডিংয়ের পর তিনি ক্ষোভ প্রকাশ করেন দলের ব্যাটিং ও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। তার মতে, ফিটনেসহীনতার কারণে দলের অন্যান্য অনেক সমস্যা তৈরি হচ্ছে।
