বাংলাদেশে সঠিক জায়গায় বল রাখাই লক্ষ্য সিডলের
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে উইকেট পেতে লাইন আর লেংথের দিকে নজর দিচ্ছেন পিটার সিডল। উপমহাদেশের উইকেটে সঠিক জায়গায় বল রাখাটাই সাফল্যের চাবিকাঠি মনে করেন অস্ট্রেলিয়ার এই পেসার।
বাংলাদেশ সফরে মিচেল জনসন ও জশ হেইজেলউডকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজে মিচেল স্টার্কের সঙ্গে দেশটির পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে আসছেন সিডল।
সদ্য ইংল্যান্ডের কাছে ৩-২ ব্যবধানে হেরে যাওয়া অ্যাশেজ সিরিজে বেশিরভাগ সময়েই অব্যবহৃত ছিলেন সিডল। তবে মানরক্ষার শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৬ উইকেট তুলে নেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে সম্প্রতি সিডনিতে কথা বলেন সিডল।
