২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের রানের গতি বাড়ানোর চেষ্টায় বৃষ্টির বাধা

চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম দিনের মন্থর ব্যাটিং পুষিয়ে নিতে দ্বিতীয় দিন রানের গতি বাড়াতে চেয়েছিল সিলেট বিভাগ। কিন্তু তাদের সেই প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে বৃষ্টি। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 05:34 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে চট্টগ্রাম-সিলেট ম্যাচের দ্বিতীয় দিনের প্রায় দুই সেশনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে।  দ্বিতীয় দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ৮ উইকেটে ৩৫২ রান। রাহাতুল ফেরদৌস ৫৬ ও এনামুল হক জুনিয়র শূন্য রানে ব্যাট করছেন।  শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৪ উইকেটে ২৪০ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। আগের দিনের অবিচ্ছিন্ন ১২৯ রানের জুটিকে এদিন বেশি দূর টেনে নিতে পারেননি রাজিন সালেহ ও রুম্মান আহমেদ। দলের রান আড়াইশ’ পার হওয়ার পরই ফিরে যান রাজিন। তার বিদায়ে ভাঙে ১৪৩ রানের জুটি। আগের দিন ৭২ রান করা রাজিনের এই দিন অবদান মাত্র দুই রান। তার বিদায়ের পরের ওভারেই ফিরে যান রুম্মান (৮০)। ২৫৫ রানে প্রথম ছয় ব্যাটসম্যানের বিদায়ে চাপে পড়া সিলেট ঘুরে দাঁড়ায় ফেরদৌস ও আবুল হাসানের ব্যাটে। সপ্তম উইকেটে ৭২ রানের জুটি উপহার দেন এই দুই জনে। টেস্ট অভিষেকে ১০ নম্বরে নেমে শতক করে ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া হাসানের (৩২) বিদায়ে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা এই জুটি। এরপর সাদিকুর রহমান ফিরে গেলেও অবিচল রয়েছেন অর্ধশতক পাওয়া ফেরদৌস। দলের সংগ্রহ চারশ’ রানের কাছাকাছি নিতে তার দিকেই তাকিয়ে থাকবে সিলেট।   চট্টগ্রামের নাবিল সামাদ ৭৮ রানে তিন উইকেট নেন। এছাড়া মেরাজুল হক ও মোহাম্মদ সাইফুদ্দিন দুটি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: সিলেট: ৩৫২/৮ (ইমতিয়াজ ৩৭, সায়েম ৪, জাকির ২২, রাজিন ৭৪, কাপালী ১৫, রুম্মান ৮০, ফেরদৌস ৫৬*, হাসান ৩২, সাদিকুর ৪, এনামুল জুনিয়র ০*; মেরাজুল ১৬-৫-৪২-২, মেহেদি ১৮-৫-৪৪-১, নাবিল ৩৭-১০-৭৮-৩, সাইফুদ্দিন ১৭.২-৩-৬৪-২, সাজ্জাদ ২৬-০-৮৯-০, তাসামুল ৩-০-১৮-০, মামুন ৩-০-৮-০ )।