২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ দেখছেন স্টুয়ার্ট ল

বাংলাদেশ সফর অস্ট্রেলিয়ার জন্য দারুণ চ্যালেঞ্জিং হবে, বলছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক স্টুয়ার্ট ল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 07:33 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের নিয়ে কাজ করছেন স্টুয়ার্ট ল। খুলনায় ক্যাম্প শেষে কদিন আগে ঢাকায় ফিরেছে যুবারা। বৃহস্পতিবার শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের যুবাদের নিয়েই কথা বলছিলেন ল।

আঙিনায় যখন পা পড়ার অপেক্ষা অস্ট্রেলিয়ার, সেই সিরিজের প্রসঙ্গ ওঠা ছিল অবধারিতই। লড়াইটা টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দলের সঙ্গে নয় নম্বরের, তবু কোনো দলকে ফেবারিট মানছেন না ল।

“দুই ঘোড়ার দৌড়ে ফেভারিট বলে কিছু থাকতে পারে না। কেউ কোনো দলকে ফেভারিট বললে সে পাগল ছাড়া আর কিছু নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেভাবে খেলছে, সেটার কাছাকাছি খেললেও অস্ট্রেলিয়াকে ভালো একটা লড়াই উপহার দেবে বাংলাদেশ। যারা মনে করছে যে, অস্ট্রেলিয়া এখানে এসে অনায়াসে জিতে যাবে, তারা ভুল ভাবছে। বাংলাদেশ লড়াইয়ের জন্য প্রস্তুত।”

অভিজ্ঞতার অভাব এবং কন্ডিশন অস্ট্রেলিয়ার জন্য বড় বাধা হতে পারে বলে মনে করেন ল।

“অস্ট্রেলিয়া দল এখন পুনর্গঠন প্রক্রিয়ায় আছে। দলটার চেহারাই বদলে গেছে। যত জন অভিজ্ঞ ক্রিকেটার অবসর নিয়েছে, সেটা বড় এক শূন্যতার সৃষ্টি করেছে। গরম থাকবে প্রচন্ড, বল ঘুরবে, এখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়াও হবে বড় একটা চ্যালেঞ্জ। অনেক বাধা তাই পেরুতে হবে।”

এই অস্ট্রেলিয়া দল দেখে নিজের পুরোনো আক্ষেপ আবার জাগতে পারে লর। নিজে ছিলেন তার প্রজন্মের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান। কিন্ত জন্ম হয়েছিল ভুল সময়ে। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে তখন এত তারকার ভীড় যে আরেকটি তারকার জন্য জায়গাই ছিল না!

স্টিভ ওয়াহর চোটের কারণে ১৯৯৫ সালে একটি টেস্ট খেলেছিলেন, সেটিতে অপরাজিত ছিলেন ৫৪ রানে। পরের টেস্টেই চোট কাটিয়ে ফিরেছিলেন ওয়াহ, রান করার পরও বাদ ল। এরপর শেফিল্ড শিল্ড আর কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েও টেস্ট খেলতে পারেননি আর একটিও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯টি শতকে ২৭ হাজার রানের মালিক টেস্ট খেলতে পেরেছেন মোটে একটি!

অস্ট্রেলিয়ার এবারের দলটিতে অনভিজ্ঞতার ঘাটতি থাকলেও খেলোয়াড়দের দেশকে প্রতিনিধিত্ব করার গর্বই উদ্বুদ্ধ করবে, বিশ্বাস লর।

“যে ক্রিকেটাররা আসছে, ওরা কিন্তু অস্ট্রেলিয়ার হয়েই খেলবে। এটা তারা জানে। বাংলাদেশকেও ভালো ক্রিকেট খেলতে হবে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।”