সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত এইচপির ক্রিকেটার নিহাদ
ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটার নিহাদ উজ জামান। মাথায় ১২টি সেলাই লেগেছে এই বাঁহাতি স্পিনারের।
এইচপি ইউনিটের প্রোগ্রাম শেষ হয়েছে কদিন আগে। জাতীয় লিগের জন্য রাজশাহী দলের ক্যাম্পে যোগ দিতে গত বুধবার ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন নিহাদ। সঙ্গে ছিলেন রাজশাহীর আরেক বাঁহাতি স্পিনার নাঈম ইসলাম জুনিয়র।
সিরাজগঞ্জে ফুড ভিলেজে বিরতির পর যাত্রা শুরুর মিনিট দশেক পরই দুর্ঘটনায় পড়ে নিহাদদের বাস। মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি বাসের।
দুর্ঘটনায় মারাত্মক আহত হন নিহাদ, রক্তক্ষরণ হয় প্রচুর। মাথায় তিনটি জায়গায় ফেটে যায়। তার মাথার পেছন দিকে সেলাই লেগেছে ৬টি, কপালে দুটি ও বাম ভ্রুর ওপরে আরও চারটি।
তবে আপাতত আশঙ্কামুক্ত দারুণ প্রতিশ্রুতিশীল এই বাঁহাতি স্পিনার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শুক্রবার ফিরেছেন বাসায়।
ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেদিনের দুর্ঘটনার বর্ণনা দিলেন নিহাদ, “দেশ ট্রাভেলসে যাচ্ছিলাম আমরা। পেছন থেকে হানিফ পরিবহণের একটি বাস ওভারটেক করার জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল। সেটির সঙ্গে রেষারেষিতেই হুট করে উল্টো দিক থেকে আমাদের সামনে এসে যায় আরেকটি বাস।”
“যখন দেখছি মুখোমুখি সংঘর্ষ হচ্ছেই, আমি দাঁড়িয়ে যাই। সংঘর্ষ হওয়ার পর অনেকেই ছিটকে যায়। আমিও কোথায় আছড়ে পড়ি, বুঝে উঠতে পারিনি। একটু পর চেষ্টা করছিলাম জানালা দিয়ে বের হওয়ার। নাঈম ভাই ততক্ষণে জানালা দিয়ে বের হয়ে গেছে। ধাক্কা খেয়ে আমাদের বাস তখন রাস্তায় আড়াআড়ি। আমি বের হতে যাব, তখন আরেকটা ট্রাক এসে ধাক্কা দেয় আমাদের বাসকে। আবার ছিটকে পড়ি।”
নিহাদ বলে চলেন, “ততক্ষণে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চলে এসেছে। তবে জায়গা ছিল না আমাকে নেওয়ার। পখচারি এক মহিলার সহায়তায় নাঈম ভাই পরে একটি বাস থামায়। নাটোর বনপাড়ায় হাসপাতালে আসি আমরা। ফোন করে নাটোরের এক বন্ধুকে আসতে বলি। ওখান থেকে পরে রাজশাহী এসে হাসপাতালে ভর্তি হই।”
নিহাদের সঙ্গী নাঈম ইসলাম জুনিয়র সৌভাগ্যবশত দুর্ঘটনায় আঘাত পাওয়া থেকে বেঁচে যান।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নিহাদ। নিয়েছিলেন বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট। গত ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন ওল্ড ডিওএইচএসের হয়ে। গত ফেব্রুয়ারিতে রংপুর বিভাগের বিপক্ষে খেলেছেন এখনও পর্যন্ত একমাত্র প্রথম শ্রেণির ম্যাচ। ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট।
মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছেন, সেই মানসিক ধাক্কা এখনও কাটাতে পারছেন না নিহাদ।
“কাউন্টার থেকে বলেছিল আমাকে একদম শুরুর আসন নিতে। কিন্তু আমি কী ভেবে যেন একটু পেছনে নিলাম। সামনে নিলে হয়ত এখন বেঁচে থাকতাম না। সামনের দিকে থাকা ৩ জন মারা গেছে। আমার সঙ্গে সাকলাইন সজীব ভাইয়েরও আসার কথা ছিল। ‘এ’ দলে সুযোগ পাওয়ায় উনি আসেননি। উনাকে, আমাকে, নাঈম ভাইকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলাম।”
সোমবার সেলাই কাটা হতে পারে নিহাদের। সঙ্গে করা হবে সিটি স্ক্যান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিসিবির চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে তার। ডাক্তারের রিপোর্ট পাঠিয়ে দেবেন ঢাকায়। প্রয়োজনে ঢাকায় এসে চিকিৎসা করাবেন।
