সাঙ্গাকারার ব্যাটে ঝড়
ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের সেমি-ফাইনালে সারের হয়ে ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলছেন কুমার সাঙ্গাকারা।
সাঙ্গাকারার বিদায়ে প্রায় মাতম উঠেছিল লঙ্কান ক্রিকেট আঙিনায়। ক্রিকেট বিশ্বজুড়ে ছিল বিস্ময়। কেন এখনই যাচ্ছেন? বয়স যদিও ৩৮ ছুঁইছুঁই, কিন্তু ব্যাটে ছিল তারুণ্যের ধার। অনায়াসেই হয়তো খেলতে পারতেন আরও বছর দুয়েক।
সেটির আরেকটি প্রমাণও রাখলেন যেন সোমবার ওভালে। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের সেমি-ফাইনালে সারের হয়ে সাঙ্গাকারা খেলেন ১৩৮ বলে ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস।
সাঙ্গাকারা ইনিংসে ছিল মাত্র ১৩টি চার ও একটি ছক্কা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৫৫টি সিঙ্গেল নেন তিনি, ডাবলস ১৯টি আর তিন রান ৫বার!
নটিংহ্যামশায়ারের বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত। ছিলেন স্টুয়ার্ট ব্রড, হ্যারি গার্নি, সামিত প্যাটেল, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান। কিন্তু সাঙ্গাকারার ব্যাট পাত্তা দেয়নি কাউকেই। অল্পের জন্য ছুঁতে পারেননি ‘লিস্ট এ’ ম্যাচে তার সর্বোচ্চ ১৬৯ রানের ইনিংসটিকে। ২০১৩ সালে যে ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সেমি-ফাইনালে ওঠার পথে ডার্বিশায়ারের বিপক্ষেও শতক করেছিলেন সাঙ্গাকারা। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।
সারের হয়ে এবার কাউন্টিতে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৬৩৩ রান করেছেন লঙ্কান কিংবদন্তি।
