স্রেফ নিজেকে বাঁচাতে চাইছিলেন স্টোকস!
ইচ্ছে করে বল হাত দিয়ে ফেরাননি, শুধু নিজেকে বাঁচাতে চাইছিলেন বলে দাবি করেছেন ‘অবস্ট্রাকটিং দা ফিল্ড’ আউটের শিকার বেন স্টোকস।
শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ‘অবস্ট্রাকটিং দা ফিল্ড’ আউট হন বেন স্টোকস। তার সেই আউট পরে ছড়ায় বিতর্কের আগুণ। দুই দলের অধিনায়ক জানিয়েছেন বিপরীতমুখী প্রতিক্রিয়া। মতামতে দু ভাগে বিভক্ত পুরো ক্রিকেটবিশ্বই।
এবার মিলল স্বয়ং স্টোকসের প্রতিক্রিয়া। ইংলিশ অলরাউন্ডার ইএসপিএনক্রিকইনফোকে বলেন, হাত দিয়ে বল ফেরানোটা ছিল অনিচ্ছাকৃত।
“ফুট পাঁচেক দূরে দাঁড়িয়ে একজন বল ছুঁড়ে মেরেছে, আমারটি পুরোপুরিই ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ইচ্ছে করে হাত বাড়াইনি আমি, ওটা ছিল স্রেফ নিজেকে বাঁচানোর মানুষের সহজাত প্রবৃত্তি। যদিও সিদ্ধান্তটি নেওয়া হয়ে গেছে, এখন কিছুই করার নেই। তবে ওটা মোটেও ইচ্ছাকৃত ছিল না।”
৫ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে মঙ্গলবার।
