ব্র্যাডম্যানের ব্লেজারের দাম ১ লাখ ৩২ হাজার অস্ট্রেলিয়ান ডলার
নেতৃত্বের প্রথম সিরিজে যে ব্লেজার গায়ে চাপিয়ে টস করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান, নিলামে সেটি বিক্রি হয়েছে এক লাখ ৩২ হাজার অস্ট্রেলিয়ান ডলারে।
ব্যাট হাতে অনেক অনেক রূপকথার জন্ম দিয়েছেন ব্র্যাডম্যান। করেছেন অনেক শতক। এবার তার ব্লেজারও হাঁকাল শতক। নেতৃত্বের প্রথম সিরিজে যে ব্লেজার গায়ে চাপিয়েছিলেন ব্র্যাডম্যান, সোমবার মেলবোর্নে সেটি তোলা হয়েছিল নিলামে।
নিলামকারী প্রতিষ্ঠানের প্রত্যাশা ছিল ৭০ হাজার থেকে ৯০ হাজার ডলারের মতো। কিন্তু নিলামের হাতুড়ি চূড়ান্তভাবে থামার আগে ব্লেজারের মূল্য ছুঁয়ে ফেলে একশ হাজার ডলার!
আয়কর ও বিভিন্ন কমিশন মিলিয়ে ক্রেতাকে গুণতে হয়েছে আরও ৩২ হাজার ডলার। সব মিলিয়ে অধিনায়ক ব্র্যাডম্যানের প্রথম ব্লেজার সংগ্রহে রাখতে ক্রেতার খরচ হচ্ছে ১ লাখ ৩২ হাজার অস্ট্রেলিয়ার ডলার।
নিলামকারী ম্যাক্স উইলিয়ামসন এএপিকে বলেছেন, ‘এই প্রথম নিলামে উঠল ব্র্যাডম্যানের কোনো ব্লেজার। এজন্যই হয়ত এত দাম উঠেছে। আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে মূল্য।
সোনালী পাড়ের সবুজ ব্লেজার, বুকে অস্ট্রেলিয়ার প্রতীক। অস্ট্রেলিয়ার ক্রিকেটের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এই ব্লেজার। যুগ যুগ ধরেই অস্ট্রেলিয়ার অধিনায়কেরা এই ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নামেন টেস্ট ক্রিকেটে।
ব্র্যাডম্যানের ব্লেজারটি সংরক্ষিত ছিল বাউরালের ব্র্র্যাডম্যান জাদুঘরে। ১৯৩৬-৩৭ অ্যাশেজ দিয়ে যাত্রা শুরু হয়েছিল অধিনায়ক ব্র্র্যাডম্যানের। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।
অ্যাশেজ জয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সেই সিরিজে ব্যাট হাতে ৫ টেস্টে ৮১০ রান করেছিলেন সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে স্বীকৃত ব্র্যাডম্যান।
