টেস্ট ক্রিকেটকে ওয়াটসনের বিদায়
দেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে আর দেখা যাবে না শেন ওয়াটসনকে। টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
ওয়াটসনের টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর বিষয়টি রোববার জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
পুরো ক্যারিয়ার জুড়েই চোটের সঙ্গে লড়াই করা ওয়াটসন গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পায়ের পেছনের পেশির চোটে পড়েন। সিএ তাদের ওয়েবসাইটে জানায়, এই চোটে তার ইংল্যান্ড সফর শেষ হয়ে যায়।
২০০৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম সাদা পোশাকের ক্রিকেট খেলা ওয়াটসন দেশের হয়ে ৫৯টি টেস্ট খেলেন। ৩৫.১৯ গড়ে ৩ হাজার ৭৩১ রান করেন তিনি। বল হাতে ৩৩.৬৮ গড়ে নেন ৭৫ উইকেট।
টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেওয়া প্রসঙ্গে ওয়াটসন বলেন, "আমি জানি, সরে যাওয়ার এটাই সঠিক সময়। আশা করি, সংক্ষিপ্ততর সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যেতে পারব।
অস্ট্রেলিয়ার হয়ে ওয়াটসনের শেষ টেস্ট হয়ে থাকল এবারের অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি। সেই ম্যাচে কোনো উইকেট না পাওয়া ওয়াটসন দুই ইনিংসে ৩০ ও ১৯ রান করেন। এরপর দল থেকে বাদ পড়েন তিনি।
