প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি
শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আগামী ২ সেপ্টেম্বর ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ড এই টুর্নামেন্টে খেলবে।
টুর্নামেন্টের আয়োজক ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) শনিবার জানিয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি টুর্নামেন্টের জন্য ‘বিসিবি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিম’ ঠিক করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবন্ধিতা নিয়ে যারা আছেন তাদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে এই উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বাংলাদেশে প্রতিবন্ধীদের সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও মোট জনসংখ্যার অন্তত ১০ শতাংশের কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতা রয়েছে বলে ধারণা করা হয়।
টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ২৮ অগাস্ট ঢাকা আসবে ইংল্যান্ড। সাভারের বিকেএসপিতে থাকবে সব দল।
উদ্বোধনী ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ হবে বিকেএসপিতে।
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে উদ্বোধনী ম্যাচ সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে অন্য ম্যাচগুলো দেখতে হলে আগে থেকে যোগাযোগ করতে হবে।
