কন্ডিশনিং ক্যাম্পের দলে সোহাগ-আল আমিন
নতুন মৌসুমের শুরুতে কন্ডিশনিং ক্যাম্পের জন্য ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বিসিবি। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন অনেকটাই আড়ালে চলে যাওয়া দুই বোলার সোহাগ গাজী ও আল আমিন হোসেন।
বিসিবি এই ক্যাম্পের কেতাবি নাম দিয়েছে ‘এলিট ক্রিকেটার্স কন্ডিশনিং ক্যাম্প।’ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭ জনের নাম জানায় বিসিবি। অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট দল এবং অক্টোবরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ ‘এ’ দল গড়া হবে মূলত এই ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই।
এই ক্যাম্পের দলে থাকা বড় এক সুখবর হয়ে এসেছে আল আমিন ও সোহাগের জন্য। গত দক্ষিণ আফ্রিকা সিরিজে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন সোহাগ। কিন্তু ফিটনেস প্রশ্নবিদ্ধ থাকায় আর সুযোগ পাননি। এমনকি বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড কিংবা পনি (প্লেয়ার্স অব ন্যাশনাল ইন্টারেস্ট), কোনোটিতেই রাখা হয়নি এই অফ স্পিনারকে। কন্ডিশনিং ক্যাম্পে থাকায় অবশেষে নিজেকে ফিরে পাওয়ার একটা সুযোগ অন্তত পাচ্ছেন একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করা ইতিহাসের একমাত্র ক্রিকেটার।
ক্যাম্পে ডাক পেয়েছেন জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা পেসার রবিউল ইসলাম ও উইকেট-কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
২২ আগস্ট থেকে শুরু হবে এই ক্যাস্প, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
ক্যাম্পের ২৭ ক্রিকেটার:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরি, নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, আল আমিন হোসেন। �
