ওভাল টেস্টেও খেলা হচ্ছে না অ্যান্ডারসনের
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে খেলা হচ্ছে না ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের।
বিবিসি বুধবার জানায়, পিঠের পাশের পেশির চোটের কারণে শেষ টেস্টেও খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী অ্যান্ডারসন।
একই কারণে ট্রেন্ট ব্রিজে হওয়া চতুর্থ টেস্টেও খেলতে পারেননি এই সংস্করণে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী অ্যান্ডারসন। সেই ম্যাচে ইনিংস ও ৭৮ রানে জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
তাই বৃহস্পতিবার শুরু হতে যাওয়া শেষ টেস্টে স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন ও বেন স্টোকসের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে নিজের জায়গা ধরে রাখতে পারেন মার্ক উড।
