সৌম্য ও মুস্তাফিজুরকে সাতক্ষীরায় সংবর্ধনা
বাংলাদেশ জাতীয় দলের কীর্তিমান দুই তরুণ ক্রিকেটার সাতক্ষীরার সন্তান সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
সোমবার বিকালে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাতক্ষীরা সার্কিট হাউসে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সৌম্য সরকার বলেন, “আমার জন্য ব্যাট হাতে খেলার চেয়ে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া কঠিন।
“সাতক্ষীরার খেলোয়াড়দের জন্য একটি জিমনেশিয়াম দরকার, জিমনেশিয়াম না থাকায় আমাদের ছোট ভাইয়েরা শারীরিক ফিটনেস তৈরিতে ব্যর্থ হচ্ছে।”
মুস্তাফিজুর রহমান বলেন, “আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, “দেশের ১১ জন ক্রিকেটারের মধ্যে ২ জন সাতক্ষীরার। এটি আমাদের জন্য গৌরব ও সম্মানের।”
এ সময় তিনি সাতক্ষীরায় খেলাধুলার উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেন, “বাংলার মানুষকে প্রাণভরে আনন্দ দিয়েছে আমাদের সৌম্য ও মুস্তাফিজ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার মেয়র এমএ জলিল, ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি ও শিল্পী রোজ বাবু।
পরে মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের হাতে ক্রেস্ট তুলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার।
